• শুধু সেমিনার হল নয়, আর জি করের অকুস্থল সিল করতে হবে সিবিআইকে, নির্দেশ হাই কোর্টের
    প্রতিদিন | ১৯ মে ২০২৬
  • আগেই আর জি করের সেমিনার হল সিল করেছিল তদন্তকারীরা। এবার অভয়া কাণ্ডে (RG Kar Case) সিবিআইকে সম্পূর্ণ অকুস্থল সিল করার নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। সন্দীপ ঘোষের চেম্বার-সহ অভয়া কাণ্ডের সঙ্গে হাসপাতালের যে যে জায়গার যোগ সূত্র রয়েছে, সব সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।   

    বিজেপি সরকার ক্ষমতায় এসেই নতুন করে খুলেছে অভয়া ফাইল। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। এদিন আদালতের তরফে সিবিআইকে প্রশ্ন করা হয় তদন্তভার নেওয়ার সময় কোন কোন জায়গা সিল করা হয়েছিল ? জবাবে সিবিআই জানায়, সেমিনার হলের কথা। এরপর পালটা বিচারপতিরা প্রশ্ন করেন, আর কোনও জায়গা সিল করার প্রয়োজন হয়নি? তাতে সিবিআই জানায় ‘না’। তবে দীর্ঘদিন ধরেই অভয়ার পরিবারের তরফে দাবি করা হচ্ছিল, সেমিনার হলের পাশের একটি ঘর রয়েছে। ঘটনার সঙ্গে সেটির যোগ থাকতে পারে। এমনকী সন্দীপ ঘোষের চেম্বারের সঙ্গেও ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে দাবি করা হয়েছিল। এদিন সেই সব জায়গা সিল করার নির্দেশ দিল আদালত। 

    প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই অভয়া কাণ্ডের (RG Kar Case) তদন্তে বিরাট পদক্ষেপ করেছেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। কলকাতা পুলিশের বড় পদে থাকা তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার পাশাপাশি নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানিয়েছেন, ওই সময় কাদের নির্দেশে সাসপেন্ডেড আধিকারিকরা কাজ করেছেন, সাংবাদিক বৈঠক করেছেন, সেটা মুখ্যমন্ত্রী নাকি অন্য কোনও মন্ত্রীর নির্দেশে, সমস্ত বিষয় তদন্তের আওতায় এনে খতিয়ে দেখা হবে। তাঁর কথায়, ‘‘ওই আইপিএসদের ফোনকল, হোয়াটসঅ্যাপ চ্যাট সব বের করব। দেখতে হবে, তৎকালীন মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রীর কথায় তাঁরা সাংবাদিক বৈঠক করেছিলেন কি না। প্রাথমিকভাবে পরিস্থিতি সম্পর্কে ভুল তথ্য দেওয়া এবং নির্যাতিতার পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগের তদন্ত হবে।”
  • Link to this news (প্রতিদিন)