রোগী নিয়ে আর ছুটতে হবে না বাইরে, হাসপাতালের ভোল বদলে দেওয়ার পরিকল্পনা বিধায়কের
News18 বাংলা | ১৯ মে ২০২৬
+
গাজোল স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে বিধায়ক
মালদহ, জিএম মোমিন: রোগী নিয়ে আর ছোটাছুটি নয়। সমস্ত রকম উন্নতমানের চিকিৎসা পরিষেবা মিলবে এবার এই হাসপাতালে। আধুনিক মানের স্বাস্থ্য পরিষেবা গড়ে তুলতে মালদহের গাজোল স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন বিধায়ক। গত কয়েক বছর আগে তৈরি হওয়া ঝাঁ চকচকে চারতলা স্টেট জেনারেল হাসপাতালে এবার চালু হবে বন্ধ থাকা সমস্ত স্বাস্থ্য পরিষেবা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা পরিষেবার বর্তমান পরিস্থিতি, পরিকাঠামোর অভাব এবং রোগীদের সমস্যার কথা সরাসরি শুনলেন বিধায়ক।
চারতলা ঝাঁ-চকচকে ভবন থাকলেও দীর্ঘদিন ধরেই পরিকাঠামোগত নানা সমস্যা ছিল হাসপাতালে। পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা, আধুনিক ল্যাব ব্যবস্থা, সিজার পরিষেবা, অক্সিজেন সরবরাহ ও ২৪ ঘণ্টার ওষুধ পরিষেবার অভাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল। এবার সেই সমস্ত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক। পরিদর্শনের পর বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন, “একটি স্টেট জেনারেল হাসপাতালে যে পরিমাণ পরিকাঠামো ও পরিষেবা থাকা উচিত, তা এখানে নেই। রক্ত পরীক্ষা থেকে শুরু করে অক্সিজেন, সিজার একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবার অভাব রয়েছে হাসপাতালে।
তাঁর কথায় বিষয়টি স্বাস্থ্য ভবনকে লিখিতভাবে জানানো হয়েছে। বিধায়ক নিজেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।” উল্লেখ্য, আগে গাজোল হাসপাতালটি গ্রামীণ হাসপাতাল হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে এটিকে স্টেট জেনারেল হাসপাতালের মর্যাদা দেওয়া হলেও পরিষেবা ও পরিকাঠামোর উন্নতি সেভাবে হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল। এবার নতুন সরকারের উদ্যোগে হাসপাতালকে আধুনিক রূপে সাজিয়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার আশ্বাসে আশার আলো দেখছেন এলাকার বাসিন্দারা।