+
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কুঁদো গ্রামে লাঠি ও টর্চ হাতে গ্রামবাসীদের রাতপাহারা
মঙ্গলকোট, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের কুঁদো গ্রামে গভীর রাত নামলেই যেন তৈরি হচ্ছে এক অন্যরকম দৃশ্য। চারদিকে যখন তীব্র গরমে নাজেহাল মানুষ ঘরের ভিতর এসি কিংবা ফ্যানের হাওয়াই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছেন, ঠিক তখনই গ্রামের অন্ধকার গলিতে টর্চের আলো আর বাঁশির তীক্ষ্ণ শব্দ কাঁপিয়ে দিচ্ছে রাতের নিস্তব্ধতা। হাতে লাঠি, কাঁধে দায়িত্ব আর চোখেমুখে সতর্কতার ছাপ নিয়ে একদল গ্রামবাসী টহল দিচ্ছেন গোটা গ্রাম জুড়ে।
এক গলি থেকে আরেক গলি, এক পাড়া থেকে অন্য পাড়া, পালা করে রাতভর ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। দেখে মনে হতে পারে যেন কাউকে খুঁজে বেড়াচ্ছেন গ্রামের মানুষজন। আর সত্যিই তাই। তাঁরা খুঁজছেন সেই অচেনা ছায়াদের, যাদের আতঙ্কে বিগত কয়েক বছরে বহুবার ঘুম উড়েছে গ্রামের বাসিন্দাদের। গ্রামবাসীদের দাবি, গরমকাল এলেই এলাকায় বাড়তে থাকে চুরির ঘটনা। অতীতের সেই তিক্ত অভিজ্ঞতা এখনও তাজা কুঁদো গ্রামের মানুষের মনে। রাতের অন্ধকারে একের পর এক বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল গোটা এলাকায়। আর সেই কারণেই এবার আর ঝুঁকি নিতে নারাজ গ্রামবাসীরা। চোরের আতঙ্ক রুখতে নিজেরাই তুলে নিয়েছেন গ্রামের নিরাপত্তার দায়িত্ব।