সীমান্তে নো এন্ট্রি! মালদহের উন্মুক্ত সীমান্তে বিএসএফের সঙ্গে পাহারায় এবার রাজ্য পুলিশ
News18 বাংলা | ১৯ মে ২০২৬
+
সীমান্ত সুরক্ষায় নতুন রণকৌশল
মালদহ, জিএম মোমিন: সীমান্ত সুরক্ষায় কড়া নজরদারি। বিএসএফের সঙ্গে যৌথ উদ্যোগে নামল মালদহ জেলা পুলিশ। ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল প্রশাসন। জেলার উন্মুক্ত সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হওয়ার পাশাপাশি এবার বিএসএফের সঙ্গে যৌথভাবে নজরদারিতে নামছে মালদহ জেলা পুলিশ।
অনুপ্রবেশ, চোরাচালান, বেআইনি অস্ত্র ও মাদক পাচার রুখতেই এই বিশেষ উদ্যোগ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মালদহ জেলায় প্রায় ১৭২ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ কিলোমিটার এলাকা এখনও উন্মুক্ত অবস্থায় রয়েছে। যেখানে কাঁটাতারের বেড়া নেই। স্থল ও নদীপথ মিলিয়ে বিস্তীর্ণ এই সীমান্ত দীর্ঘদিন ধরেই প্রশাসনের কাছে উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা, অবৈধ অনুপ্রবেশ বা অপরাধমূলক কর্মকাণ্ড না ঘটে, সেদিকে নজর রাখতে তৎপর হয়েছে প্রশাসন।