ঝাঁটা হাতে সাফাই অভিযানে আইসি, দেখে চমকে গেলেন খোদ পুলিশকর্মীরা
News18 বাংলা | ১৯ মে ২০২৬
+
থানায় নিজ উদ্যোগে পরিচ্ছনতা অভিযানে আইসি
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকল বারাসত থানা। থানার পরিচ্ছন্নতা বজায় রাখতে নিজেই ঝাঁটা হাতে তুলে নিলেন বারাসত থানার আইসি সৌম্য দে। থানার ভেতরে ও বাইরে জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজেও নেতৃত্ব দেন তিনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্ঘটনা ও অপরাধমূলক ঘটনার কারণে আটক মোটরসাইকেল ও গাড়ি থানার সামনে পড়ে ছিল।
সেই সব যানবাহনের চারপাশে জমে ছিল আবর্জনা, শুকনো পাতা ও নোংরা জল। বৃষ্টির জল জমে সেখানে মশার আঁতুড়ঘর তৈরি হচ্ছে বলে অভিযোগ ছিল। অনেক সময় থানার ব্যারাকে থাকা পুলিশকর্মীদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে থানাকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হন আইসি সৌম্য দে। তাঁকে নিজের হাতে ঝাঁটা দিয়ে থানা চত্বর পরিষ্কার করতে দেখা যায়। শুধুমাত্র ঝাড়ু দিয়েই নয়, পরে জল দিয়ে ধুয়ে ফেলা হয় গোটা থানা চত্বর।
অনেকেই মনে করছেন, শুধুমাত্র পুলিশ অফিসার হিসেবেই নয়, একজন সচেতন নাগরিক হিসেবেও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন তিনি। স্থানীয়দের একাংশের বক্তব্য, রাজ্যের অন্যান্য থানাতেও যদি একইভাবে উদ্যোগ নেওয়া হয়, তাহলে থানাগুলির পরিবেশ আরও স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন হয়ে উঠবে। পাশাপাশি এই উদ্যোগ নিয়ে নিজেদের কর্মস্থল সুন্দর রাখার বড় বার্তা দিলেন পুলিশ আধিকারিক বলেই মনে করছেন সকলে।