• কল খুললে পড়ছে ফোঁটা ফোঁটা জল, চাঁদিফাটা গরমে এলাকায় হাহাকার! চরম বিপাকে কালনা
    News18 বাংলা | ১৯ মে ২০২৬
  • কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: ভরা গ্রীষ্মে তীব্র দাবদাহের মাঝেই জল সংকটে নাজেহাল হয়ে পড়েছেন কালনা পৌরসভার ৫ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সকাল থেকে রাত প্রতিদিনই পানীয় জলের জন্য হাহাকার পড়ছে এলাকাজুড়ে। কোথাও কল খুললে ফোঁটা ফোঁটা জল পড়ছে, আবার কোথাও একেবারেই মিলছে না জল। ফলে দৈনন্দিন জীবন কার্যত বিপর্যস্ত হয়ে উঠেছে সাধারণ মানুষের।

    রান্না থেকে শুরু করে স্নান, এমনকি পানীয় জলের চাহিদাও ঠিকমতো মেটানো যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীদের দাবি, গরম পড়লেই প্রতি বছর এই জল সমস্যা প্রকট আকার ধারণ করে। দীর্ঘদিন ধরেই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। তবে গত কয়েক মাসে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অনেক এলাকায় সুতোর মতো জল পড়ছে বলে অভিযোগ। ফলে ভোর থেকেই জল সংগ্রহ করতে লাইন দিতে হচ্ছে বহু পরিবারকে।

    বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, বহুবার বিষয়টি জানানো হলেও স্থায়ী সমাধান এখনও পর্যন্ত হয়নি। এদিকে গরম যত বাড়ছে, ততই বাড়ছে জল সংকট। ফলে দ্রুত সমস্যার সমাধানের দাবি তুলেছেন এলাকাবাসীরা। এই বিষয়ে কালনা পৌরসভার উপ-পৌরপতি তপন পড়েল জানান, গ্রীষ্মকালে ভূগর্ভস্থ জলস্তর অনেকটাই নিচে নেমে যাওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)