• ফলতায় প্রচারে গিয়ে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর
    আজকাল | ২০ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ফলতা বিধানসভা উপনির্বাচনে নাটকীয় মোড়। ফলতার উন্নয়নের স্বার্থে উপনির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

    এদিকে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফলতা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে ব্যাপক প্রচার চালান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাহাঙ্গীর খানের সরে দাঁড়ানোর প্রসঙ্গে কড়া কটাক্ষ করে তিনি বলেন, “আপনি না সরে দাঁড়ালেও ২১ তারিখে সাধারণ মানুষ আপনাকে সরিয়ে দিত। আপনাকে যে গাছে তুলেছে সেই ভাইপোরই এখন আর দেখা নেই।”

    তিনি আরও দাবি করেন, ফলতার উন্নয়ন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার নেতৃত্বেই সম্ভব। সাধারণ মানুষের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, “এটা তৃণমূল কংগ্রেসের কৌশল। মানুষ যেন ভাবে তৃণমূল আর লড়ছে না, তাই ভোট দিতে না যায়। কিন্তু আপনারা কেউ সেই ফাঁদে পা দেবেন না। উৎসবের মেজাজে সবাই ভোট দিতে যাবেন।”

    ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, “দশ বছর পর আপনারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই ১০০ শতাংশ ভোটদান নিশ্চিত করুন। ফলতা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডাকে এক লক্ষের বেশি ভোটে জয়ী করুন।”

    প্রচারের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী আরও জানান, ২৪ তারিখের পরে তিনি ফের ফলতায় আসবেন। সেই সঙ্গে ফলতা বিধানসভার উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণার আশ্বাসও দেন তিনি। তাঁর কথায়, “ফলতার উন্নয়ন হবেই, সেই কথা দিয়ে গেলাম।”
  • Link to this news (আজকাল)