• এবার কি তৃণমূল ছাড়ছেন শওকত মোল্লা? যা জানালেন...
    আজকাল | ২০ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভোটে ভরাডুবি। পর্যুদস্ত অবস্থা ভাঙড়েও। ভোটে হারের পর, গত কয়েকদিনে একাধিক তৃণমূল নেতা ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কারও কারও ক্ষোভ আবার  সরাসরি অভিষেক ব্যানার্জি এবং দলের কৌশল ছকে দেওয়া সংস্থা আই-প্যাকের বিরুদ্ধে। ফলতা পুননির্বাচনের আগে আবার ভোটের ময়দান থেকে পলায়ন করেছেন জাহাঙ্গীর খান। দল বলছেন তা একান্ত প্রার্থী ব্যক্তি সিদ্ধান্ত। 

    ভাঙড়ের 'বেতাজ বাদশা' শওকত মোল্লা কী বলছেন এই ভরাডুবির পর? পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনিও কি সিদ্ধান্ত নিয়ে বসলেন কিছু? দলের টালমাটাল পরিস্থিতি সামাল দিতে কী স্ট্র্যাটেজি? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকাল ডট ইন যোগাযোগ করেছিল শওকত মোল্লার সঙ্গে। কী বলছেন তিনি?

    শওকত বলছেন, 'আমাদের বহু কর্মী-সমর্থক ঘরছাড়া। অনেকেই অত্যাচারের শিকার।'

    এই পরিস্থিতিতে তাঁদের 'নেতা' শওকত কী করছেন? বলছেন, 'দলের তরফে এখনও কিছু নির্দেশ আসেনি। তবে দলকে ঘরছাড়াদের তালিকা করে পাঠানো হয়েছে।'

    তিনি কী কথা বলেছেন বিধায়ক নওশাদের সঙ্গে? শওকতের সাফ উত্তর 'না'। 

    তাহলে কী ভাবছেন এই পরিস্থিতিতে? তিনিও কি অনেকের মতোই এবার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবেন? 'এখনই কিছু ভাবছি না' বলে এড়িয়ে যেতে চাইলেও, দলত্যাগ প্রসঙ্গে সাফ জানিয়ে দেন, 'কে কী বলছেন সেটা তাঁর বা তাঁদের কথা। আমার এখন এই ধরনের কোনও ভাবনা নেই।'

    ভোটের আগে থেকেই চর্চায় শওকত মোল্লা। ভোটের পরেও চর্চা কম হয়নি তাঁকে নিয়ে তৈরি করা একটি নির্বাচনী গান নিয়ে। যদিও সেই সময়েও আজকাল  ডট ইন-কে শওকত মোল্লা জানিয়েছিলেন, ওই গান, বিশেষ রাজনৈতিক দলের রুচির পরিচয় আসলে। যদিও তাঁর বিশ্বাস ছিল, এই ভোটে ভাঙড়ের মানুষ তাঁর পাশে দাঁড়াবেন। তবে ফলাফলে দেখা গিয়েছে একেবারে উলটো। রাজ্যে তৃণমূলের ভরাডুবির সময়ে, ডুবেছে তাঁর তরীও। ভোটের পরের পরিস্থিতি নিয়ে এবার সামনে এল তাঁর প্রতিক্রিয়া। 

     
  • Link to this news (আজকাল)