• উত্তরবঙ্গে বুধেই পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু!
    আজকাল | ২০ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে আসছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার তাঁর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।

    জানা গিয়েছে, কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পর সড়কপথে তিনি শিলিগুড়ির মিনি সচিবালয় উত্তরকন্যায় যাবেন। মুখ্যমন্ত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে উত্তরকন্যা চত্বরে অবস্থিত কন্যাশ্রী ভবনে। 

    মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন। ইতিমধ্যেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উত্তরকন্যা ও সংলগ্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ বাহিনী। গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

    মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে আসছেন শুভেন্দু অধিকারী। ফলে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও উৎসাহ। শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং-সহ গোটা উত্তরবঙ্গ জুড়েই তৈরি হয়েছে উৎসবের আবহ।

    সূত্রের খবর, উত্তরকন্যায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক পর্যালোচনা এবং উত্তরবঙ্গের বিভিন্ন সমস্যা নিয়েই আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গ থেকে নির্বাচিত বিজেপি বিধায়কদেরও ওই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

    রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই সফর উত্তরবঙ্গের রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এখন গোটা উত্তরবঙ্গের নজর আগামীকালের এই গুরুত্বপূর্ণ সফরের দিকেই।
  • Link to this news (আজকাল)