• স্বচ্ছ ভারতের পাইলট প্রজেক্ট শুরু হচ্ছে রাজ্যের চার শহরে! বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার
    News18 বাংলা | ২০ মে ২০২৬
  • নয়াদিল্লি: স্বচ্ছ ভারতের পাইলট প্রজেক্ট শুরু করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পে বেছে নেওয়া হয়েছে রাজ্যের চার শহরকে। যার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর এবং আসানসোল, দার্জিলিং জেলার দার্জিলিং এবং কালিম্পং। এই চার শহরে স্বচ্ছ ভারতের পাইলট প্রজেক্ট শুরু করতে চলেছে রাজ‍্য সরকার।

    রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের হাত ধরে এই চার শহরের উন্নয়ন হবে এই প্রকল্পে। স্বচ্ছ ভারত মিশনে ২০০ কোটি টাকার প্রোজেক্টের প্রস্তাব পাঠাতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রের তরফে আজকের বৈঠকে আশ্বাস মিলেছে সবরকম সহযোগিতার।

    বর্তমান সরকারের দাবি, আগের সরকারেরা বৈঠকে যোগ না দিয়ে কেন্দ্রকে সহযোগিতা না করে রাজ্যকে পিছিয়ে দিয়েছে অনেকটা। চলতি মাসের শেষেই কোথায় কী কী প্রজেক্ট হবে তা নিয়ে আলোচনা করতে রাজ্যে যাবেন কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টার। ২৯-৩০ তারিখ নাগাদ কলকাতা আসবেন মন্ত্রী মনোহরলাল খট্টর।

    মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টার এর উপস্থিতিতে স্বচ্ছ ভারত মিশনের জাতীয় স্তরের রিভিউ মিটিংয়ে যোগ দেন অগ্নিমিত্রা পাল। বৈঠকে শেষে তিনি জানান, এতদিন রাজ্য সরকার মোট ফান্ডের মাত্র ১৬ শতাংশ ব্যবহার করেছে। পশ্চিমবঙ্গের অবস্থান এতদিন ছিল জিরো। পশ্চিমবঙ্গ অংশগ্রহণ করত না।

    পাশাপাশি, জুন থেকে মহিলাদের জন্য ফ্রি-তে সরকারি বাস পরিষেবা চালু হচ্ছে। পয়লা জুন থেকে এই পরিষেবা কীভাবে কার্যকরী হবে? তার বিস্তারিত গাইডলাইন প্রস্তুত করছে রাজ্য পরিবহণ দফতর। সূত্রের খবর, একজন মহিলা যিনি সরকারি বাসে উঠবেন, তাকে প্রমাণ করতে হবে যে তিনি পশ্চিমবঙ্গের নাগরিক। সেক্ষেত্রে ভোটার কার্ড বা আধার কার্ড বা যেকোনও পরিচয়পত্রের মাধ্যমে তাঁকে প্রমাণ করতে হবে তিনি এই রাজ্যের নাগরিক। বাসে ওঠার পর সংশ্লিষ্ট বাসের কন্ডাক্টার তাকে স্বাগত জানাবেন। স্বাগত জানানোর পর কন্ডাক্টর ওই মহিলাকে জানিয়ে দেবেন, যে তিনি বিনামূল্যে এই পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন। তারপর সংশ্লিষ্ট মহিলাকে শূন্য টাকা মূল্যের একটা টিকিটও দেওয়া হবে।
  • Link to this news (News18 বাংলা)