চন্দ্রনাথ রথ হত্যা মামলায় সিবিআইয়ের তৎপর তদন্ত, এবার গ্রেফতার বারাণসী থেকে
News18 বাংলা | ২০ মে ২০২৬
কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই নৃশংসা ভাবে খুন করা হয়েছিল শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী ও আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। সেই খুনের মামলায় ফের এক অভিযুক্তকে গ্রেফতার করা হল। চন্দ্রনাথ রথ খুনে বারাণসী থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম বিনয় রাই পাম্পাম । গাজিপুরের দেওরিয়া গ্রামের বাসিন্দা।
এদিকে এর আগে সোমবারও সিবিআই এবং মুজফফরনগর পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত রাজকুমারকে আটক করা হয়। জানা গিয়েছে, হরিদ্বার থেকে দিল্লির দিকে পালানোর চেষ্টা করছিল রাজকুমার। সেই সময় এনএইচ-৫৮ জাতীয় সড়কের ছাপার টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত রাজকুমার সিংয়ের বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়।
আরও পড়ুন – Huge Jump In Prize Money: এবার বাংলার হয়ে সোনা জিতলে কোটি টাকার পুরস্কার দেবে রাজ্য, বিশাল ঘোষণা নিশীথের, দেখে নিন কোন মেডেলে কত টাকা
রবিবার উত্তরপ্রদেশ পুলিশ এবং সিবিআইয়ের যৌথ দল দিল্লির স্বরূপনগরের একটি বাড়িতে অভিযান চালালেও সে সময় রাজকুমারের হদিশ মেলেনি। পরে সোমবার হরিদ্বার-দিল্লি হাইওয়ের একটি টোল প্লাজার কাছে তাকে পাকড়াও করা হয়। তদন্তকারীদের অনুমান, হরিদ্বার হয়ে দিল্লির দিকে পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত। সিবিআই সূত্রে খবর, এর আগে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) এই মামলায় মায়াঙ্ক ও রাজ সিং-সহ তিনজনকে গ্রেফতার করেছিল। ধৃতদের জেরা করেই রাজকুমার সিংহের নাম সামনে আসে।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দু’দিন পর, গত ৬ মে রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন চন্দ্রনাথ রথ। বাইকে করে আসা আততায়ীরা গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। সেই সময় গাড়ির সামনের আসনে বসেছিলেন চন্দ্রনাথ। ঘটনায় আহত হন গাড়ির চালকও। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন।
এই খুনের ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রবিবার চন্দ্রনাথ রথের শ্রাদ্ধানুষ্ঠানে তাঁর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের মা হাসিরানি রথকে তিনি আশ্বাস দেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং খুনের বিচার নিশ্চিত করা হবে। বর্তমানে পুরো ঘটনার তদন্ত করছে সিবিআই।