ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। ব্লু লাইনে বাঁশদ্রোণী অর্থাৎ মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের আপ লাইনে ঝাঁপ যাত্রীর। সন্ধ্যা ৬টা ১৩ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই যাত্রীকে উদ্ধারের জন্য পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। সাময়িকভাবে বন্ধ পরিষেবা। অফিস ফিরতি সময়ে বিপাকে যাত্রীরা। দীর্ঘ ভোগান্তির পর ৭টা ১৭ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে।
কলকাতার লাইফলাইন মেট্রো। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন পাতালপথে। মেট্রোয় গণ্ডগোলের বিষয়টাও নতুন নয়। প্রায়ই নানারকম সমস্যা লেগেই থাকে। আত্মহত্যার চেষ্টার ঘটনাও নতুন নয়। যার জেরে বিরক্ত যাত্রীরা। মঙ্গলবার বিকেলে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার বিকেলে মাস্টারদা সূর্য সেন স্টেশনে যাত্রীর সংখ্যা নেহাত কম ছিল না। ৬টা ১৩ মিনিট নাগাদ স্টেশনে ঢোকে একটি মেট্রো। আচমকা লাইনে ঝাঁপ দেন একজন। তড়িঘড়ি লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় উদ্ধার কাজ। যার জেরে বন্ধ পরিষেবা। ব্যস্ত সময়ে এই বিভ্রাটে বেজায় বিরক্ত যাত্রীদের একাংশ।
উল্লেখ্য, সোমবার বিকেল ৪ টে বেজে ১০ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবরে এক যাত্রী লাইনে ঝাঁপ দেন বলে খবর। যার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় পরিষেবা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। লাগাতার একই ঘটনার পরও কেন কোনও পদক্ষেপ করছে না কর্তৃপক্ষ, সেই প্রশ্নই তুলেছেন তাঁরা।