• ত্রিশ বছরের সঙ্গীতজীবন কীভাবে উদযাপন করবেন দেবজ্যোতি মিশ্র
    eTV Bharat | ২০ মে ২০২৬
  • কলকাতা, 19 মে: গান মনের ওষুধ। ভাষা, দেশের সীমানা, নানা জাতির মধ্যে মহামিলনের এক আত্মিক সংযোগ তৈরি করে সুর। পৃথিবীব্যাপী নানা প্রান্তের বিভিন্ন ধারার সুরের পরশ এসে লেগেছে ভারতীয় সঙ্গীতে, ভারতীয় সুরও পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতে। দেবজ্যোতি মিশ্র তেমনই একজন সুরসাধক যাঁর কাজ বাংলার বাঙালিদের চার দেওয়ালের থেকে বিশ্ব সঙ্গীতের আঙিনায় প্রশংসিত হয়েছে বারে, বারে।

    ছায়াছবির গান, বিজ্ঞাপনের গান, বাংলা আধুনিক গান সব বিষয়েই নিপুণভাবে কাজ করে আসছেন গত তিন দশক ধরে। স্বতন্ত্র সঙ্গীত পরিচালক হিসাবে দেবজ্যোতি মিশ্রর এই জার্নিকে কুর্নিশ জানিয়ে আয়োজিত হতে চলেছে এক বিশেষ সঙ্গীত সন্ধ্যা, 'আলোপাখির গান'। আগামী 24 মে, সন্ধ্যা সাড়ে 6টা থেকে, জিডি.বিড়লা. সভাঘরে মঞ্চস্থ হবে 'আলোপাখির গান'। আয়োজনে বেঙ্গল ওয়েব সলিউশন।

    দেবজ্যোতি মিশ্রর গানের এই সন্ধ্যায় থাকছেন স্বাগতালক্ষী দাশগুপ্ত, রূপঙ্কর বাগচী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, অর্ক মুখোপাধ্যায়, অন্বেষা দত্তগুপ্ত, স্যামন্তক সিনহা, পরশীয়া সেন, অরিত্র দাশগুপ্ত, সোনাক্ষী কর, অ্যানি আহমেদ এবং স্বয়ং দেবজ্যোতি মিশ্র। চারিদিকে যখন যুদ্ধের আবহ, অস্থিরতা প্রতি সেকেন্ডে, সেখানে সঙ্গীতই পারে মানুষকে বেঁধে রাখতে। হাতে হাত ধরে পথ এগোনোর নামই জীবন। বন্ধুত্বের উদযাপন সুরের পথ ধরে। এদিন গল্পে-কথায় অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবেন দেবজ্যোতি মিশ্র এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়।

    তিরিশ বছরের এই উদযাপন নিয়ে দেবজ্যোতি মিশ্র বললেন, " এই অনুষ্ঠান অনেকরকমের বন্ধুত্বের এক সুরেলা উদযাপন। আমার সঙ্গে ঋতুপর্ণর বন্ধুত্ব, বাংলা বিজ্ঞাপন জগতের সঙ্গে আমার বন্ধুত্ব, আধুনিক বাংলা গানের পাশাপাশি অন্যান্য সকল চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে আমার জার্নি, আমার কন্ঠ শিল্পী, বাদ্য যন্ত্রী, গীতিকার এবং সর্বোপরি আমাদের গানের শ্রোতাদের সঙ্গে বব্ধুত্ব সবই এদিনের সন্ধ্যায় উঠে আসবে।"

    দেবজ্যোতি মিশ্রর গান বললেই মনে পড়ে যায় 'আমার দক্ষিণ খোলা জানলা', ' মেঘের পালক, চাঁদের নোলোক', ' চল রাস্তায় সাজি ট্রাম লাইন ', 'সখি হাম', 'মথুরানগরপতি ', 'পিয়া তোরা ক্যায়সা অভিমান',' 'মেঘ পিয়নের ব্যাগের ভেতর ', ' যেকোনো ভূমিকায় ', ' এক যে আছে কন্যা', ' তোমায় মনে পড়ছিল'- এমন আরও কত গান।
  • Link to this news (eTV Bharat)