শেষ ম্যাচ জিতেই আইডব্লিউএল ঘরে তুলল ইস্টবেঙ্গল, শীর্ষ গোলদাতা ফাজিলা
eTV Bharat | ২০ মে ২০২৬
কলকাতা, 19 মে: খেতাব নিশ্চিত হয়ে গিয়েছিল দু'ম্যাচ আগেই ৷ তবে শেষ ভালো যার, সব ভালো তার ৷ তাই শ্রীভূমি স্পোর্টিং'য়ের বিরুদ্ধে ম্যাচ জিতেই লিগ শেষ করতে চেয়েছিল তারা ৷ মাঠে নেমে সোমবার সেটা করেও দেখাল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল ৷ শেষ ম্যাচে শ্রীভূমি'কে 2-0 গোলে হারিয়ে ইন্ডিয়ান উইমেন্স লিগ খেতাব ঘরে তুলল লাল-হলুদের প্রমিলা ব্রিগেড ৷ অন্যদিকে অবনমন হয়ে গেল শ্রীভূমি'র ৷
ছেলেদের সিনিয়র দল গত রবিবার ডার্বি ড্র করে প্রথমবার আইএসএল জয়ের দোরগোড়ায় ৷ আগামী 21 মে ইন্টার কাশীর বিরুদ্ধে জিতলে আইএসএল শিল্ডের নতুন ঠিকানা হবে লেসলি ক্লডিয়াস সরণি ৷ সেই প্রস্তুতির মধ্যেই ইস্টবেঙ্গলে দ্বিতীয়বারের জন্য চলে এল আইডব্লিউএল ট্রফি ৷ উল্লেখ্য, গত মরশুমে আইডব্লিউএল জিতে এশিয়ার মঞ্চেও দেশের প্রতিনিধিত্ব করেছিল অ্যান্থনি অ্য়ান্ড্রুজ অ্য়ান্ড কোম্পানি ৷ সোমবার ঘরের মাঠে নিয়মরক্ষার ম্যাচে লাল-হলুদের হয়ে গোল করলেন ফাজিলা ইকুয়াপুত এবং সুলঞ্জনা রাউল ৷