মমতা অতীত, এবার মেয়রের ঘরে লাগল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ছবি
eTV Bharat | ২০ মে ২০২৬
আসানসোল, 19 মে: কয়েকদিন আগে ইটিভি ভারতের খবরে প্রকাশ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেলেও আসানসোলের পুরনিগমে মেয়রের চেম্বারে তাঁর ছবি টাঙানো রয়েছে ৷ তা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল ৷ মঙ্গলবার বিজেপির নেতা ও কর্মীরা আসানসোল পুরনিগমে গিয়ে মেয়রের চেম্বারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি টাঙিয়ে দিয়ে এলেন ৷ সেই সঙ্গে মেয়র ও কাউন্সিলরদের হুঁশিয়ারিও দিয়ে এলেন তাঁরা ৷
পাশাপাশি, নাগরিক পরিষেবা না-দেওয়া নিয়ে একগুচ্ছ অভিযোগে বিজেপির আসানসোলের নেতৃত্ব মেয়র ও চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখালেন ৷ লিখিতভাবেও অভিযোগ জানানো হয় মেয়র বিধান উপাধ্যায়ের কাছে ৷ বিজেপি কর্মী সমর্থকরা জানিয়েছেন, যদি নাগরিক পরিষেবা দিতে না-পারেন, তাহলে বর্তমান পুরকর্তারা গদি ছাড়ুন এবং পদত্যাগ করুন ৷
2026 বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির সঙ্গে রাজ্যে পরিবর্তন হয়েছে ৷ আর পরিবর্তনের পরেই বদলের রাজনীতি দেখা যাচ্ছে চারিদিকে ৷ এবার আসানসোল পুরনিগমে ছবি বদলের রাজনীতি দেখা গেল ৷ গত কয়েকদিন আগে ইটিভি ভারতে প্রথম প্রকাশ হয়েছিল আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারে টাঙানো আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ৷
এ বিষয়ে সেদিন মেয়র বিধান উপাধ্যায়কে সরাসরি জিজ্ঞেস করা হলে, তিনি বলেছিলেন, "কোনওরকমের সরকারি নির্দেশিকা আসেনি ৷ তাই ওই ছবিটি এখনও টাঙানো আছে ৷ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী, তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই আমরা ছবিটি এখনও পর্যন্ত রেখেছি ৷"
এই খবর প্রকাশের পরেই আসানসোলের রাজনীতিতে নয়া বিতর্ক তৈরি হয় ৷ কীভাবে একটি প্রশাসনিক ভবনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি লাগানো থাকতে পারে, সেই প্রশ্ন তোলে শাসকদল বিজেপি ৷ তবে, এ নিয়ে কিছু যে একটা ঘটতে চলেছে, সেটা সেদিনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল৷
মঙ্গলবার অসংখ্য বিজেপি নেতা-কর্মী আসানসোল পুরনিগমে মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি টাঙিয়ে দিয়ে আসেন ৷ সেই সঙ্গে বিভিন্ন নাগরিক পরিষেবা নিয়ে বিজেপি নেতাকর্মীরা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় এবং চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভও দেখান ৷
বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে, চুরি করা ভোটের জোরে বর্তমান পুরবোর্ড পুরনিগমের দখল নিয়ে আছে ৷ তারা নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ ৷ যদি, এরকম চলতে থাকে তাহলে বর্তমান পুরবোর্ডকে পদত্যাগ করার দাবি জানানো হয়েছে ৷ বিজেপি নেত্রী কাকলি ঘোষ বলেন, "এরা মানুষের ভোট চুরি করে এই পুরনিগম দখল করে রেখেছে ৷ আমরা বলে এসেছি, ওঁদের অধিকার নেই ওই ভবন দখল করে বসে থাকার ৷ দ্রুত ওঁদের চেয়ার ছাড়তে হবে ৷ মানুষের পরিষেবা বিঘ্নিত হচ্ছে ৷ কোটি-কোটি টাকার দুর্নীতি করেছে ৷ আর এখন মেয়র বলছেন, উনি এক টাকাও নেননি ৷ তাহলে এই দুর্নীতিতে সহযোগিতা করেছিলেন উনি ৷ ওঁদের এই পুরনিগমের ক্ষমতা ছাড়তে হবে ৷ নয়তো এর অন্য ফল হবে ৷"
বিক্ষোভের পরে দেখা যায় আসানসোল পুরনিগমের মেয়রের চেম্বারের টেবিলের কাচ ভেঙে পড়ে আছে ৷ কীভাবে তা ভাঙল, তা স্পষ্ট নয় ৷ যদিও এই বিষয়টি নিয়ে কোনওরকমের অভিযোগ, অনুযোগ জানাননি আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ৷ বরং তিনি বলেছেন, "কাঁচ কে ভাঙল জানি না, আমি তো ভাঙি নি ৷ ওঁরা নাগরিক পরিষেবা না-মেলা নিয়ে যে সমস্ত অভিযোগগুলি এনেছেন, সেগুলি অবশ্যই খতিয়ে দেখা হবে ৷"