• তোলাবাজি, দুর্নীতির অভিযোগে ধৃত আরও তৃণমূল নেতা-কর্মী
    এই সময় | ২০ মে ২০২৬
  • এই সময়: রাজ্যে ক্ষমতার পটপরিবর্তনের পরে নির্বাচনী হিংসা ও অপরাধ দমনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশে রাজ্য জুড়ে চলছে পুলিশের বিশেষ অভিযান। সোম থেকে মঙ্গলবার তোলাবাজি, দুর্নীতি ও ডাকাতির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন জেলা থেকে আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার পুলিশ সোমবার রাতে বর্ধমান–২ ব্লকের তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোঁয়ার এবং কুড়মুন–২ পঞ্চায়েতের প্রধান বাসুদেব দে-কে গ্রেপ্তার করেছে। বলগোনা গ্রামের বাসিন্দা উত্তম রাজবংশীকে পাঁচ লক্ষ টাকার জন্য চাপ দেওয়া, জোর করে এক লক্ষ টাকা আদায় এবং মারধরের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করানোর সময়ে পরমেশ্বর দাবি করেন, ‘পরিকল্পনা মাফিক এগোচ্ছে পুলিশ। মিথ্যা ভাবে আমাদের ফাঁসিয়েছে।’

    এ দিকে, এই গ্রেপ্তারি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। দলের সাংসদ প্রতিমা মণ্ডল জোর করে সাদা কাগজে সই করিয়ে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের নামে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তোলেন পুলিশের বিরুদ্ধে। এই টিমে প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ও ছিলেন।

    এর পাশাপাশি জেলা পুলিশের বিশেষ অভিযানে বর্ধমান থানার দুবরাজদিঘি থেকে শেখ আসাদুল ওরফে রানা এবং মেমারি থেকে সামিম খান ওরফে সামিম শেখকে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ সমেত গ্রেপ্তার করা হয়েছে।

    এ দিকে, চাকরি দেওয়ার নামে অমিত হালদার নামে এক ব্যক্তির কাছ থেকে দেড় লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নাদনঘাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমানের কালনার নসরতপুর পঞ্চায়েতের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা অমল হালদারকে। তবে মঙ্গলবার কালনা মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে জামিনে মুক্তি দেন। অমল অবশ্য এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন।

    তোলা আদায় এবং ভোট–পরবর্তী হিংসার অভিযোগে সোমবার রাতে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন পাণ্ডবেশ্বর বিধানসভার ছোড়া পঞ্চায়েতের প্রধান রামচরিত পাসোয়ান। মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালত তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

    ডাকাতির পরিকল্পনায় যোগসাজশের অভিযোগে সোমবার রাতে স্কুলডাঙার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বাঁকুড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সূরজ বক্সকে। কয়েকদিন আগে রাজগ্রাম–শ্যামডাঙার রাস্তায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই দুষ্কৃতীকে গ্রেপ্তারের পরে তদন্তে এই ছাত্র নেতার নাম উঠে আসে। মঙ্গলবার বাঁকুড়া জেলা আদালত তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। যদিও আদালতে ঢোকার মুখে সূরজ দাবি করেন, তিনি গ্রেপ্তারির কারণই জানেন না। এক ব্যক্তিকে ভয় দেখিয়ে ও চাপে ফেলে টাকা আত্মসাতের অভিযোগে বাঁকুড়ার ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিতকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করেছে ইন্দাস থানার পুলিশ। আজ, বুধবার আদালতে হাজির করানো হবে তাঁকে।

  • Link to this news (এই সময়)