• বাড়বে আর্দ্রতা, অস্বস্তি থেকে নিস্তার নেই এখনই, কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?
    এই সময় | ২০ মে ২০২৬
  • প্রবল গরম, বাড়তি পাওনা প্যাচপেচে ঘাম ও অস্বস্তি। গত কয়েকদিন ধরেই এই দু'য়ের সাঁড়াশি আক্রমণে জেরবার দক্ষিণবঙ্গের মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই মুক্তি নেই এই অবস্থা থেকে। চলতি সপ্তাহের শেষ দিন পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা এবং জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে। সঙ্গে বাড়তে পারে তাপমাত্রার ‘রিয়েল ফিল’ও। তবে একেবারেই উল্টো ছবি উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানকার একাধিক জেলায়।

    আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট, কলকাতার আকাশ বুধবার আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে বিক্ষিপ্ত ভাবে খুব সামান্য বৃষ্টি হতে পারে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৭ শতাংশ থেকে ৬৪ শতাংশের আশেপাশে থাকবে।

    বুধবার বিকেলের পরে নদিয়া, পূর্ব বর্ধমান ও বীরভূমে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও হুগলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। তবে, আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হলেও দীর্ঘস্থায়ী স্বস্তির সম্ভাবনা নেই।

    দক্ষিণবঙ্গ প্রবল গরম ও অস্বস্তিতে জেরবার হলেও সম্পূর্ণ বিপরীত আবহাওয়া উত্তরবঙ্গে। বুধবার থেকেই দার্জিলিং থেকে মালদা পর্যন্ত একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে।

    অন্যদিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমি বায়ু দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। কয়েকদিনের মধ্যেই পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এর কিছু অংশেও বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই ২৬ মে বর্ষা প্রবেশ করবে কেরলে।

  • Link to this news (এই সময়)