এই সময়: আগামী ১ জুন থেকে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তারা িনজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। মঙ্গলবার এই মর্মে জারি হলো বিজ্ঞপ্তিও। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতার অর্থ পাচ্ছেন, তাঁদের কোনও আবেদন করতে হবে না। তবে যাঁরা নতুন করে উপভোক্তা তালিকায় নাম তুলতে চান, ১ জুন থেকে তাঁদের জন্য চালু করা হচ্ছে পোর্টাল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উপভোক্তার বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। রাজ্য বা কেন্দ্র সরকারি অথবা রাজ্য বা কেন্দ্রের সাহায্যপ্রাপ্ত কোনও অফিস বা সংস্থার কর্মী, শিক্ষক–শিক্ষাকর্মী বা পেনশনার হলে তাঁরা প্রকল্পের সুবিধা পাবেন না। যে মহিলারা আয়কর দেন (অর্থাৎ যাঁদের আয় বছরে ৭ লক্ষ টাকার বেশি) তাঁরাও এই সুবিধা পাবেন না। নতুন আবেদনকারীদের আর্জি খতিয়ে দেখবেন ব্লক উন্নয়ন আধিকারিকেরা, শহরাঞ্চলে এই দায়িত্ব থাকছে মহকুমাশাসকের উপরে। তাঁরা আবেদন খতিয়ে যোগ্যদের নাম জেলাশাসকের কাছে পাঠাবেন। কলকাতার ক্ষেত্রে আবেদন খতিয়ে দেখবেন পুরসভার আধিকারিকেরা। এখানে অনুমোদনকারী পুর-কমিশনার।
‘লক্ষ্মীর ভাণ্ডার’–এর প্রাপকদের নতুন করে আবেদনের দরকার না–হলেও অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। রোজ সকাল থেকে ব্যাঙ্কের শাখাগুলিতে বাড়ছে মহিলাদের লাইন। কেউ ছুটছেন কেওয়াইসি আপডেট করতে, কেউ বা নিজের নামে অ্যাকাউন্ট খুলতে।
হুগলি বৈদ্যবাটির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় মঙ্গলবার সকালে প্রায় ৫০০ মহিলা ভিড় জমিয়েছিলেন। ওই শাখার ম্যানেজার জানান, বেশিরভাগই আসছেন অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ করানোর জন্য। অধিকাংশের কেওয়াইসি আপডেটেড। তার পরেও তাঁরা তা আপডেট করার জন্য লাইনে দাঁড়াচ্ছেন। অনেকেই ভাবছেন, আপডেট করা না থাকলে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অনেক মহিলারই এতদিন জয়েন্ট অ্যাকাউন্ট ছিল।
এ বার অনেকেই চাইছেন নিজের নামে সিঙ্গল অ্যাকাউন্ট করতে। তবে ব্যাঙ্কের তরফ থেকে বোঝানো হচ্ছে, নতুন অ্যাকাউন্ট করলে সমস্যায় তাঁরাই পড়বেন। কারণ, সরকারের তথ্যভাণ্ডারে পুরোনো অ্যাকাউন্ট নম্বর রয়েছে। ওই অ্যাকাউন্টেই টাকা জমা পড়বে। পরবর্তী সময়ে পোর্টাল খুললে অ্যাকাউন্ট আপডেট করানো যেতে পারে। কয়েকটি জেলায় অন্নপূর্ণা যোজনার নাম করে ছাপানো ফর্ম পূরণের অভিযোগ উঠেছে। যদিও নবান্ন জানিয়ে দিয়েছে, এ ভাবে ফর্মপূরণের দরকার নেই। তবে ভোটার তালিকায় যাঁদের নাম কাটা গিয়েছে, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না।