• ঘুষ নিয়ে বিল ও টেন্ডার পাস করানোর অভিযোগ, CBI-এর হাতে গ্রেপ্তার ফোর্ট উইলিয়ামে কর্মরত কর্নেল
    এই সময় | ২০ মে ২০২৬
  • কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি-কে ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে CBI। সূত্রের খবর, কর্নেল বালি সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের Army Ordnance Corps (AOC)-এ কর্মরত। CBI-এর তদন্তকারীদের অভিযোগ, টেন্ডার দেওয়া, বিল পাস করানো এবং নিম্ন মানের জিনিস সরবরাহে দুর্নীতিতে জড়িত রয়েছেন ওই কর্নেল। কানপুরের বেসরকারি এক সংস্থাকে সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার একাধিক অভিযোগও রয়েছে কর্নেল বালির বিরুদ্ধে। কর্নেল হিমাংশু বালি ছাড়াও কানপুরের ওই সংস্থার দুই কর্ণধার মায়াঙ্ক আগরওয়াল এবং তাঁর ছেলে অক্ষত আগরওয়ালের নামও জড়িয়েছে ঘুষ কেলেঙ্কারিতে। তাঁদের নামেও এফআইআর দায়ের করেছে CBI।

    CBI-এর অভিযোগ, চলতি বছরের মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে কানপুরের ওই বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ হয় হিমাংশুর। কলকাতার পার্কস্ট্রিট এলাকায় ওই সংস্থার অন্যতম কর্ণধার অক্ষত আগরওয়ালের সঙ্গে হিমাংশু দেখা করেন। এপ্রিলের ২৪ তারিখে ওই সংস্থা বড় একটি টেন্ডার পায়। অভিযোগ, এই টেন্ডার পাস করানোর জন্যই ৫০ লক্ষ টাকা ঘুষ নেন হিমাংশু। হাওয়ালা মারফৎ এই টাকা দিল্লিতে পাঠানোর কথা ছিল।

    গোপন সূত্রে খবর পেয়ে নড়েচড়ে বসে CBI। কর্নেলের বিরুদ্ধে দায়ের করা FIR-এ CBI-এর অভিযোগ, কর্নেলের সঙ্গে একটি নয়, একাধিক টেন্ডার পাস করানোর চুক্তি হয়েছিল কানপুরের ওই সংস্থার সঙ্গে। CBI-এর সন্দেহ, শুধু হিমাংশু নন, সেনা বাহিনীর একাধিক আধিকারিক এই কেলেঙ্কারিতে জড়িত থাকতে পারেন।

    ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে CBI। একাধিক সূত্রের খবর, Prevention of Corruption Act-এ হিমাংশুকে গ্রেপ্তার করে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই অভিযুক্ত কর্নেলকে আরও জেরা করা হতে পারে। হিমাংশুর ব্যাঙ্কের লেনদেনের ইতিহাস, কল রেকর্ড এবং কী ভাবে হাওয়ালাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে CBI।

  • Link to this news (এই সময়)