• বিকেলের দিকে ৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা জারি, কতদিন?
    আজ তক | ২০ মে ২০২৬
  • সোম ও মঙ্গলবার কার্যত থর মরুভূমির তাপমাত্রাকেও টেক্কা দিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। চরম ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল হয়েছেন সাধারণ মানুষ। দিনের বেলায় রাস্তায় বেরোনোই দায় হয়ে উঠেছিল। তবে বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকায় খানিকটা স্বস্তি মিলেছে। যদিও গুমোট ভাব এখনও বজায় রয়েছে। এর মধ্যেই আশার খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস, বুধবার বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়াবিদদের মতে, এই অস্বাভাবিক ভ্যাপসা গরমের মূল কারণ হলো অতিরিক্ত আর্দ্রতা। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। তার সঙ্গে তাপমাত্রার মিলিত প্রভাবে ‘রিয়েলফিল’ বা অনুভূত তাপমাত্রা অনেক বেশি অনুভূত হচ্ছে। ফলে প্রকৃত তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রির আশেপাশে থাকলেও শরীরে তা ৪৫ থেকে ৫০ ডিগ্রির মতো অনুভূত হচ্ছে।

    দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টি, কোথায় গরমের সতর্কতা?
    আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বুধবার বীরভূম, পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগণাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    অন্যদিকে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার কারণে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

    আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
    উত্তরবঙ্গেও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    এছাড়া বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ মে থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে উত্তরবঙ্গে আপাতত মনোরম আবহাওয়াই বজায় থাকবে।

    কবে মিলবে স্বস্তি?
    আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হলেও ভ্যাপসা গরম এখনই পুরোপুরি বিদায় নেবে না। কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ এখনও অত্যন্ত বেশি। তবে কালবৈশাখীর জেরে তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমতে পারে।

     
  • Link to this news (আজ তক)