• জেলায় জেলায় কালবৈশাখীর আশঙ্কা, বিকেলের পর কলকাতায় বৃষ্টি নামবে?
    আজ তক | ২০ মে ২০২৬
  • ব্যাপক গরমে কলকাতায় নাজেহাল হওয়ার জোগাড় আমজনতার। দুপুরে বাইরে বেরোনোর উপায় পাচ্ছেন না সাধারণ মানুষ। কার্যত যেন লু বইছে রাস্তায়। এমতাবস্থায় কিছুটা স্বস্তি পেতে পারে কলকাতাবাসী। বুধবার বিকেলে হালকা বৃষ্টির পূর্বাভাস দিল IMD। বুধবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই দাবি করা হয়েছে। তবে শুধু কলকাতা নয়, বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জেলাজুড়ে। আজ দিনভর আবহাওয়া কেমন থাকবে দেখে নেওয়া যাক।

    কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

    কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকতে পারে। পাশাপাশি বিকেলের পর শহরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

    বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গতকাল, মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

    দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে IMD। আজ বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

    হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

    উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে।

     
  • Link to this news (আজ তক)