• ১০ দিনে ৪৫ হাজারের বেশি গাড়ি, বাইকের বিরুদ্ধে অ্যাকশন, লাগামছাড়া অনিয়ম কোথায়?
    আজ তক | ২০ মে ২০২৬
  • কলকাতায় যানবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে পুলিশ। গত ১০ দিনে শহরে ৪৫ হাজারেরও বেশি গাড়ি ও দু-চাকার যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত ৮ মে থেকে ১৭ মে পর্যন্ত কলকাতা পুলিশের অধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক যানবিধি ভঙ্গের ঘটনা ধরা পড়ে।

    এর মধ্যে অবৈধ পার্কিংয়ের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে ২৭,২০১ জনের বিরুদ্ধে। হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর দায়ে মামলা হয়েছে ১৬,৩০৫ জন চালকের বিরুদ্ধে। এছাড়া বাইকের পেছনে নির্ধারিত সংখ্যার বেশি যাত্রী নিয়ে চলাচল করার অভিযোগে ২,৭৩৮ জনের বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ।

    দায়িত্ব গ্রহণের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শহরে যানবিধি মেনে চলার উপর জোর দেন। বিশেষ করে হেলমেট ছাড়া বাইক চালানো এবং দু-চাকার যানবাহনের বিভিন্ন নিয়মভঙ্গের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশকে।

    ট্রাফিক বিভাগের পরিসংখ্যান বলছে, অবৈধ পার্কিংয়ের সবচেয়ে বেশি ঘটনা ধরা পড়েছে ‘সাউথ ট্রাফিক গার্ড’ এলাকায়। এই অঞ্চলের মধ্যে রয়েছে ময়দান, পার্ক স্ট্রিটের একাংশ, জওহরলাল নেহরু রোড এবং এ জে সি বোস রোডের বিস্তীর্ণ অংশ। পুলিশের এক আধিকারিক জানান, ‘হেডকোয়ার্টার্স ট্রাফিক গার্ড’-এর আওতাধীন চৌরঙ্গি, বাবুঘাট, রানি রাসমণি অ্যাভিনিউ, গণেশ চন্দ্র অ্যাভিনিউ এবং লালবাজার স্ট্রিট এলাকাতেও অবৈধ পার্কিংয়ের বহু অভিযোগ নথিভুক্ত হয়েছে।

    পুলিশের দাবি, শহরে যানজট কমানো এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। আগামী দিনেও এই ধরনের নজরদারি ও অভিযান জারি থাকবে বলে ইঙ্গিত মিলেছে।

     
  • Link to this news (আজ তক)