ফ্রি বাস সফরের ঘোষণায় খুশি মহিলারা! তবে শুধু ভাড়া মকুব নয়, উঠছে আরও ৩ বড় দাবি
News18 বাংলা | ২০ মে ২০২৬
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: রাজ্যে পালা বদলের পর নতুন সরকারের প্রতিশ্রুতি মতো আগামী ১ জুন থেকেই সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হতে চলেছে। সরকারের এই ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলা যাত্রীদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। প্রতিদিন কর্মসূত্রে, পড়াশোনা কিংবা নিত্য প্রয়োজনে বহু মহিলা সরকারি বাসে যাতায়াত করেন। তাঁদের কাছে এই সিদ্ধান্ত বড় স্বস্তি এনে দেবে বলেই মত সাধারণ মানুষের।
নতুন সরকারের নির্বাচনী সংকল্প পত্রে স্পষ্টভাবেই উল্লেখ ছিল, ক্ষমতায় এলে মহিলাদের জন্য সরকারি বাসে টিকিট ফ্রি করে দেওয়া হবে। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতিই বাস্তবায়নের পথে এগোল প্রশাসন। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হয়েছে। এবার পশ্চিমবঙ্গেও সেই তালিকায় নাম যুক্ত হতে চলেছে।
এই ঘোষণা সামনে আসতেই মহিলা যাত্রীদের একাংশ জানান, এতে সংসারের দৈনন্দিন খরচ অনেকটাই কমবে। বিশেষ করে কর্মজীবী মহিলা, ছাত্রী এবং নিত্যযাত্রীদের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক বাসযাত্রী মহিলা বলেন, প্রতিদিন যাতায়াতে যথেষ্ট খরচ হয়। এখন যদি সরকারি বাসে ভাড়া না লাগে, তাহলে অনেকটাই সুবিধা হবে। তবে শুধু ভাড়া মকুব করলেই হবে না, নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে।
আরও এক যাত্রীর কথায়, অফিস টাইমে ভিড় বাসে যাতায়াত অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি বাসের সংখ্যা বাড়লে এবং পরিষেবা উন্নত হলে মহিলা যাত্রীরা অনেক বেশি স্বস্তিতে যাতায়াত করতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন তাঁরা। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন সাধারণ মানুষ। বিশেষ করে মহিলাদের আর্থিক স্বস্তি ও গণপরিবহনে তাঁদের অংশগ্রহণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।