বেকারদের কর্মসংস্থান, পর্যটনে জোর! বেলপাহাড়িকে ঘিরে একগুচ্ছ পরিকল্পনা বিজেপি বিধায়কের
News18 বাংলা | ২০ মে ২০২৬
ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বেলপাহাড়িকে ঘিরে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করলেন বিনপুরের বিজেপি বিধায়ক প্রণত টুডু। এলাকার পর্যটন শিল্পের বিকাশ এবং স্থানীয় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে একগুচ্ছ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও বেলপাহাড়িতে এখনও তেমন কোনও বড় শিল্প গড়ে ওঠেনি। ফলে এলাকার আর্থিক উন্নয়নও প্রত্যাশিতভাবে হয়নি। এই পরিস্থিতিতে পর্যটনকেই অর্থনৈতিক উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরতে চাইছেন বিধায়ক।
প্রণত টুডুর পরিকল্পনা অনুযায়ী, উত্তরবঙ্গ বা সুন্দরবনের ধাঁচে বেলপাহাড়িতেও চালু করা হবে জঙ্গল সাফারি। জঙ্গলমহলের প্রাকৃতিক সৌন্দর্য ও বন্য পরিবেশের স্বাদ যাতে পর্যটকরা আরও কাছ থেকে নিতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। পাশাপাশি আদিবাসী সংস্কৃতি ও লোকশিল্পকে তুলে ধরতে তৈরি হবে একটি বিশেষ পর্যটক পার্ক। যে পার্কে জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের নৃত্য, লোকসংগীত ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে। পাশাপাশি পর্যটকদের জন্য থাকবে ট্রাইবাল খাবারের দোকানও।
বিধায়কের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে বেলপাহাড়িতে পর্যটকের সংখ্যা যেমন বাড়বে, তেমনই স্থানীয় যুবসমাজের কর্মসংস্থানের নতুন দিগন্তও খুলে যাবে।