তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফের ডাগআউটে ব্যারেটো, এবার কলকাতা লিগে কোচ হিসেবে অভিষেক সবুজ তোতার
আজকাল | ২০ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গল সুপার লিগে কোচের ভূমিকায় দেখা গিয়েছে হোসে রামিরেজ ব্যারেটোকে। এবার কলকাতা লিগে কোচের হটসিটে বসবেন সবুজ তোতা। কলকাতা ময়দানে নতুন অধ্যায়ের সূচনা করল তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ। ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন প্রাক্তন ফুটবলার এবং মোহনবাগানের কিংবদন্তি হোসে ব্যারেটো। জনপ্রিয় এই ব্রাজিলীয় তারকা এবার প্রথমবারের মতো কলকাতা ময়দানে কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যারেটোর সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। তাঁর সহকারী হিসেবে থাকছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সুমন দত্ত। এর আগে বেঙ্গল সুপার লিগে এই জুটি সফলভাবে কাজ করেছে। নতুন দায়িত্ব গ্রহণ করে ব্যারেটো বলেন, 'তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফের মতো ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে কাজ শুরু করতে পেরে আমি গর্বিত। ফুটবলার হিসেবে ময়দান আমাকে অনেক ভালবাসা দিয়েছে। এবার কোচ হিসেবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।'
ক্লাবের যুগ্মসচিব তথা আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, 'আমাদের বিশ্বাস, ব্যারেটোর অভিজ্ঞতা এবং ফুটবল দর্শন দলকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। আমরা সবসময়ই নতুন প্রতিভা এবং নতুন ভাবনাকে গুরুত্ব দিয়ে এসেছি।' ক্লাবের এক্সিকিউটিভ সচিব অনিন্দ্য দত্ত বলেন, 'তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ এই মরশুমে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য।'
নিজের ফুটবল জীবনের সিংহভাগ অংশ কলকাতা ময়দানে কাটান ব্যারেটো। খেলেছেন একাধিক কলকাতা লিগ। ময়দানের পালস বোঝেন। অবসরের পর বেশ কয়েক বছর মুম্বইয়ের রিলায়েন্স অ্যাকাডেমির সঙ্গে যুক্ত থাকেন। সেখানেই কচিকাঁচাদের কোচিং করান। পাশাপাশি একের পর এক কোচিং ডিগ্রির পরীক্ষা দেন। ভবিষ্যতে আইএসএলে কোচিং করানোর ইচ্ছা আছে ব্যারেটোর। কিন্তু তার আগে কোচ হিসেবে আরও অভিজ্ঞতা অর্জন করতে চান। যার হাতেখড়ি হয়েছিল বেঙ্গল সুপার লিগে। কিন্তু লিগের খেলাগুলো প্রধানত জেলায় হওয়ায়, নতুন ভূমিকায় ব্যারেটোকে দেখেনি কলকাতা ময়দান। এবার সেই সুযোগ মিলবে।