• ১০ হাজার কোটি লগ্নির ভাবনা শ্যাম মেটালিক্সের
    এই সময় | ২০ মে ২০২৬
  • এই সময়: রাজ্যে আগামী চার বছরের মধ্যে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে শ্যাম মেটালিক্স অ্যান্ড এনার্জি লিমিটেডের। রাজ্যের নবনির্বাচিত সরকারের জমি ও শিল্পনীতির উপর ভিত্তি করে তার রূপরেখা নির্ধারণ করা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ব্রিজ ভূষণ আগরওয়াল।

    এ দিন রাজ্যের নব নির্বাচিত বিজেপি সরকারকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমরা এক নতুন বাংলায় প্রবেশ করতে চলেছি। আগামী দিনে যা যথার্থ অর্থে সোনার বাংলা হতে চলেছে। আমরা রাজ্যের নতুন ইনসেনটিভ পলিসির দিকেও তাকিয়ে রয়েছি। বর্তমানে, রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে শিল্পসংস্থাগুলি কোনও ইনসেনটিভ পায় না। নতুন সরকার এই দিকটি বিবেচনা করে দেখবে বলেই আমাদের আশা। সে ক্ষেত্রে ইনসেনটিভ পলিসি অন্য রাজ্যের সমতুল হওয়ার প্রত্যাশা রাখি।’ নতুন উন্নত জমি নীতি তৈরি হতে কিছুটা সময় লাগলেও তা দ্রুত জমি অধিগ্রহণের পথ প্রশস্ত করবে বলেই তাঁর প্রত্যাশা।

    ব্রিজ ভূষণের কথায়, ‘আগামী দিনে রাজ্যে বিপুল পরিমাণে কেন্দ্রীয় অনুদান আসার সম্ভাবনা রয়েছে। আর তা হলে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রকল্পগুলি বাস্তবায়িত করা অনেক সহজ হয়ে যাবে। রাজ্য সরকার পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ বাড়ালে অন্যান্য শিল্পক্ষেত্রের পাশাপাশি আমরাও লাভবান হব।’

    আগামী চার বছরে শুধুমাত্র ১০ হাজার কোটি টাকা বিনিয়োগই নয়, নতুন ধাতু, শক্তি, বিদ্যুৎ, পরিকাঠামো নির্মাণ এবং ক্যাপটিভ মাইনিং-এর মতো ক্ষেত্রে প্রবেশের পরিকল্পনা রয়েছে শ্যাম মেটালিক্স-এর।

    নতুন শিল্পক্ষেত্রে প্রবেশের পাশাপাশি ২০৩১-এর মধ্যে এ রাজ্যে কর্মসংস্থান দ্বিগুণ করার লক্ষ্য স্থির করা হয়েছে বলে ব্রিজ ভূষণ জানান। বর্তমানে এ রাজ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে সংস্থায় প্রায় ২৫ হাজার কর্মী রয়েছেন।

    বর্তমানে জামুড়িয়া এবং খড়্গপুরে দুই কারখানায় মোট ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে সংস্থাটি। জামুড়িয়ায় হট রোলড কয়েল, স্পেশ্যালিটি স্টিল, কার্বন স্টিলের মতো পণ্য উৎপাদন করা হচ্ছে। জামুড়িয়ার কারখানায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে শ্যাম মেটালিক্স। এর পাশাপাশি খড়্গপুরে রামস্বরূপ ইন্ডাস্ট্রিজ়-এর দেউলিয়া হয়ে যাওয়া একটি কারখানা অধিগ্রহণ করে সেখানে রেলওয়ে ওয়াগন এবং স্পেশ্যাল স্টিল প্ল্যান্ট গড়ে তোলা হচ্ছে। বিনিয়োগের অঙ্ক ৪ হাজার কোটি টাকা। ২০২৯-এর মধ্যে এই দুই কারখানায় পুরোদস্তুর উৎপাদন শুরু করা হবে বলে তাঁর দাবি।
  • Link to this news (এই সময়)