স্থায়ী কিউরেটর নিয়োগ হোক! ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ কর্ণজোড়া মিউজিয়াম নিয়ে উঠল দাবি
News18 বাংলা | ২০ মে ২০২৬
কর্ণজোড়া, উত্তর দিনাজপুরঃ ছবির মতো সাজানো, সুন্দর জেলা উত্তর দিনাজপুরের পর্যটন মানচিত্রের অন্যতম আকর্ষণ কর্ণজোড়া মিউজিয়াম। নানা সময়ে জেলায় উদ্ধার হওয়া বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এখানে সাজানো রয়েছে। এবার সেখানেই স্থায়ী কিউরেটর নিয়োগের দাবি জানানো হয়েছে।
জানা যাচ্ছে, কর্ণজোড়া মিউজিয়াম জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের অধীন রয়েছে। এখানে বর্তমানে একজন করণিক ও একজন নৈশপ্রহরী থাকলেও দীর্ঘদিন প্রশিক্ষণপ্রাপ্ত কোনও স্থায়ী কিউরেটর নেই। ফলে বহু সময় অনেক গবেষক, ইতিহাসপ্রেমী, পড়ুয়া ঐতিহাসিক নিদর্শনগুলির সঠিক তথ্য জানতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
এই পরিস্থিতিতে অবিলম্বে মিউজিয়ামে একজন স্থায়ী কিউরেটর নিয়োগের দাবি জানিয়েছেন হিস্টোরিক্যাল সোসাইটির কর্ণধার সোমনাথ সিংহ এবং পুরাতাত্ত্বিক ডঃ বৃন্দাবন ঘোষ। একই সুর শোনা গিয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহা এবং শিক্ষক শুভ্রশংকর নাগের গলাতেও। সেই সঙ্গেই পড়ুয়াদের আগ্রহ বৃদ্ধির জন্য নিয়মিত কর্মশালার আয়োজন করা দরকার বলেও জানান তাঁরা।
তবে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তীর দাবি, মিউজিয়ামে কিউরেটর না থাকলেও কোনও অসুবিধা হচ্ছে না। কারণ এই সংগ্রহশালা ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অ্যান্ড মিউজিয়ামের তত্ত্বাবধানে আছে। ওদের তরফ থেকেই সব কিছু দেখাশোনা করা হয়। তবে ভিড় বেশি হলে আমাদের দফতরের তরফ থেকে বাড়তি কর্মী পাঠানো হয়।
প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন সময়ে হওয়া নানা খননকার্যে উদ্ধার হওয়া বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন কর্ণজোড়া মিউজিয়ামে সাজানো রয়েছে। এখানে এলে বিভিন্ন প্রাচীন মূর্তি, মুখোশ, মুদ্রা, চিত্রকলা সহ একাধিক সামগ্রী দেখা যায়।