বন্যপ্রাণীর সঙ্গে 'ক্লোজ শট' নয়, জীবজন্তুদের বিরক্ত করে ছবি-রিলস তুললেই আইনি ব্যবস্থা
News18 বাংলা | ২০ মে ২০২৬
জলপাইগুড়ি, সুরজিৎ দে: একটা সেলফি, আর তাতেই মৃত্যু ফাঁদ। ডুয়ার্সের জঙ্গল লাগোয়া জাতীয় সড়কে দাঁড়িয়ে বন্যপ্রাণীর ছবি তুলতে গিয়ে বিপদের মুখে পড়ছেন অনেকেই। বন্যপ্রাণীর সঙ্গে ‘ক্লোজ শটে’ এবার কড়া বনদফতর। বন্যপ্রাণীদের বিরক্ত করে ছবি, রিলস, ভিডিও তুললে এবার থেকে আইনি ব্যবস্থা নেবে বনদফতর। এমনই সতর্কবার্তা আধিকারিকের।
সবুজে ঘেরা ডুয়ার্সের জঙ্গল লাগোয়া জাতীয় সড়ক প্রকৃতিপ্রেমীদের কাছে যেন স্বর্গ। কিন্তু সেই সৌন্দর্যের টানে অনেকেই নিজের অজান্তে ডেকে আনছেন বিপদ। বন্যপ্রাণীর সঙ্গে ‘ক্লোজ শট’ নিতে গিয়ে প্রাণঘাতী পরিস্থিতির মুখে পড়ছেন পর্যটক থেকে সাধারণ পথচারীরা।
গরুমারা ও চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া এই রাস্তায় প্রায়ই দেখা মেলে হাতি, গরু, হরিণ-সহ নানা বন্যপ্রাণীর। আর সেই মুহূর্তেই শুরু হয় মোবাইল ক্যামেরার দৌরাত্ম্য। গাড়ি থামিয়ে, কখনও বা রাস্তার মাঝখানে নেমে, কেউ কেউ আবার প্রাণীদের খুব কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেন, যা পরিস্থিতিকে করে তোলে অত্যন্ত বিপজ্জনক।
গরুমারা ডিভিশনের এডিএফও রাজিব দেব স্পষ্ট জানিয়েছেন, ‘বন্যপ্রাণীর খুব কাছে যাওয়া, ফ্ল্যাশ ব্যবহার করা বা তাদের চলাচলে বাধা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।’ বনদফতরের মতে, এই ধরনের আচরণ প্রাণীদের উত্তেজিত করে তোলে, যার ফলেই হঠাৎ আক্রমণের ঘটনা বাড়ছে।সম্প্রতি এমনই অভিযোগে পাঁচটি পর্যটক গাড়ির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমনকি কয়েকদিন আগে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক বাইক আরোহী হাতির ছবি তুলতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন। হাতিটি আচমকা তেড়ে আসে তাঁর দিকে। এইসব ঘটনার পর বনদফতর ইতিমধ্যেই টহল বাড়িয়েছে গরুমারা-চাপড়ামারি সংলগ্ন এলাকায়। তবে শুধু প্রশাসনের নজরদারি নয়, দরকার সাধারণ মানুষের সচেতনতাও।