জঙ্গল সাফারি ছাড়া দেখুন একশৃঙ্গ গন্ডার, 'এই' গোপন জায়গায় গেলেই সব পাবেন
News18 বাংলা | ২০ মে ২০২৬
কালচিনি, অনন্যা দে: একশৃঙ্গ গন্ডার দেখতে আর পকেটের টাকা খরচ করতে হচ্ছে না পর্যটকদের। হাসিমারা তোর্ষা সেতু সংলগ্ন এলাকায় দিনের যে কোনও সময় দেখা যাচ্ছে একটি একশৃঙ্গ গন্ডারকে। পূর্ণবয়স্ক এই গন্ডারটি দেখা দিলেই খুশি হয়ে যান পর্যটক থেকে শুরু করে পথচারীরা। মাদারিহাট ও হাসিমারার মাঝে সংযোগকারী এই সেতুটিকে সাধারণ সেতু মনে করা ভুল হবে।
এই সেতুটি ধীরে ধীরে পর্যটকদের পছন্দের তালিকায় সামিল হতে শুরু করেছে। সেতুতে দাঁড়ালেই বন্যপ্রাণীর দেখা মিলবেই। তবে এখন সেতুর পাশের ঝোপঝাড় এলাকাতেও দেখা যাচ্ছে বন্যপ্রাণী। বিকেল হলেই প্রতিনিয়ত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের ভিড় লক্ষ্য করা যায় হাসিমারা তোর্ষা সেতু সংলগ্ন এলাকায়।
আরও পড়ুন: সামান্য পরিবর্তনেই ঘুরে গেল ভাগ্যের চাকা! অনলাইনে যেতেই এখন লাখ লাখ টাকার অর্ডার, মুঠো মুঠো আয় করছেন বাংলার ‘এই’ শিল্পীরা
প্রতিদিন বিকেল হলেই জলদাপাড়া জঙ্গল থেকে বাইসন ও হাতির দল এছাড়া কখন ও কখন ও গণ্ডার, হরিণ চলে আসে। এই তোর্ষা নদীর জল পান করতে তারা আসে। এই বন্যজন্তু দেখতে বর্তমানে ভিড় জমাচ্ছেন পর্যটক থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। কপাল ভাল থাকলে একটি-দুটি নয়, প্রচুর বাইসন ও হাতির দেখা মিলে তোর্ষা নদীর সামনে। বর্তমানে দেখা যাচ্ছে একশৃঙ্গ গন্ডার। জলদাপাড়া জাতীয় উদ্যান গন্ডারের জন্য বিখ্যাত।
তাই বন্যপ্রাণী দেখতে টাকা খরচ করে জঙ্গল সাফারির প্রয়োজন নেই বর্তমানে। বিনা খরচে তোর্ষা সেতু সংলগ্ন এলেই দেখা মিলছে প্রচুর বন্যপ্রাণীর। তোর্ষা নদীর পাশে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল। পর্যটকদের মতে জঙ্গল বন্ধ থাকলেও নিরাশ হবেন না তাঁরা। এই সেতুতে এলেই তাঁরা দেখতে পাবেন বন্য জন্তু। ১৫ জুন থেকে বন্ধ হবে জঙ্গল। স্থানীয় বাসিন্দাদের মতে সেই সময় আরও বেশি পরিমানে বন্য প্রাণী দেখা যাবে এই ব্রিজ থেকে।