• কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন বারাসতের সাংসদ কাকলি!
    আজকাল | ২০ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: একদিকে যখন একের পর এক তৃণমূল নেতামন্ত্রীর নিরাপত্তায় কাটছাঁট শুরু হয়েছে, তখনই উল্টো ঘটনা বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ক্ষেত্রে। তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তায় ঘিরে রাখার সিদ্ধান্ত প্রশাসনের। রাজ্যে এবং কেন্দ্রে এখন বিজেপির সরকার, ফলে নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ উভয় সরকারের বিবেচনাধীন। সে দিক থেকে দেখতে গেলে একের পর তৃণমূল নেতার নিরাপত্তা তুলে দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যেই কাকলির জন্য কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া অন্য রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে। 

    সম্প্রতি তাঁকে লোকসভায় মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। তাঁর জায়গায় এসেছেন কল্যাণ ব্যানার্জি। আর সেই রদবদলের পরেই ফেসবুকে একটি পোস্ট করেন কাকলি। সেখানে এই পরিবর্তনের উল্টো সুরে উষ্মা প্রকাশ করেন। তাৎপর্যপূর্ণ হল এই যে, সেই ঘটনার পরেই কেন্দ্রীয় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারের। স্থানীয় সূত্রে খবর, সোমবারই কাকলির সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দেখা গিয়েছে। মধ্যমগ্রামে সাংসদের বাড়ি ও তিনি বিকেলে যখন মধ্যমগ্রামের পার্টি অফিসে গিয়েছিলেন, তখনই তাঁর সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখা গিয়েছে। যদিও এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তৃণমূলের কেউই। বারাসত শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা সাংসদের ঘনিষ্ঠরা এই বিষয়ে কোনওরকম মুখ খুলতে চাননি। 

    প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে গার্ডরেল সরে যাওয়া থেকে শুরু করে, অভিষেক ব্য়ানার্জি, ফিরহাদ হাকিমের নিরাপত্তা কমানোর মতো ঘটনা পরপর ঘটেছে নতুন সরকার আসার পর থেকে। বিভিন্ন স্তরের তৃণমূলের নেতৃত্বকে পুলিশের জেরার মুখে পড়তে হয়েছে, অনেককে গ্রেফতারও করা হয়েছে। এই সামগ্রিক পরিস্থিতিতে হঠাৎ কাকলির নিরাপত্তা বৃদ্ধি আলাদা করে রাজনৈতিক মহলের নজর কেড়েছে। কিন্তু কোনও ব্যাখ্যা আলাদা করে না পাওয়ায় এটা স্পষ্ট নয়, কার নির্দেশে বা কেন এই নিরাপত্তা বৃদ্ধি করা হল।
  • Link to this news (আজকাল)