আজকাল ওয়েবডেস্ক: ৯ মে শপথ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। বাংলার প্রথম বিজেপি সরকার, আর সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে বসে, প্রথমবার উত্তরবঙ্গে গেলেন শুভেন্দু অধিকারী আর প্রথম সফরেই মন কাড়লেন তিনি।
উত্তরবঙ্গে পা দিয়েই শুভেন্দু অধিকারী বলেছিলেন, বিজেপি, উত্তরবঙ্গের ঋণ শোধ করবে। বক্তব্যে বললেন, প্রতি মাসে মুখ্যমন্ত্রী সফর করবেন উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী প্রতি সপ্তাহে একদিন বসবেন উত্তরকন্যায়।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'এখানে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার অপপ্রয়াস বিগত দিনে রাজ্য সরকার করেছে।' পাহাড়ের জনগোষ্ঠীকে নানা ভাগে বিভক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন। তারপরেই শুভেন্দু সাফ জানান, ভারতীয় জনতা পার্টি, বিজেপির সরকার পূরণ করবে মানুষের প্রত্যাশা।
বিজেপি সরকার শুরু থেকেই কাজ করছে ঝড়ের বেগে। সেই প্রসঙ্গের উত্থাপন করলেন শুভেন্দু নিজেই। বললেন, 'ইতিমধ্যে আপনারা দেখেছেন এই দু'সপ্তাহে অনেক ব্যবস্থার পরিবর্তন হয়েছে। যে ব্যবস্থার পরিবর্তনে কাট-মানি রাজ থাকবে না, সিন্ডিকেট রাজ থাকবে না, রাষ্ট্রবিরোধী কোনও কর্মকাণ্ড হবে না। '
তারপরেই নিজের প্রতিমাসে উত্তরবঙ্গ সফরের কথা জানান মুখ্যমন্ত্রী। বলেন, 'আমি কথা দিচ্ছি, প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব।' সঙ্গেই জানান, যেমন সরকারি কাজ, উন্নয়নের কাজ করবেন তিনি, তেমনই সময় বরাদ্দ রাখবেন সংগঠনের কাজের জন্যও। জানান, প্রতি সপ্তাহে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দলীয় কার্যালয়ে সময় দেবেন, উত্তর কন্যায় দলীয় কার্যালয়ে বসে তিনি সাধারণ মানুষের কথা। উত্তরবঙ্গের মানুষ সরকারকে কী কী প্রস্তাব দিতে চান, তাও শুনবে সরকার, এদিন প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজই উত্তরবঙ্গ থেকে ফিরবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর বিকেলে নবান্নে সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রীয় শিক্ষানীতি চালু নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।