• চালু হল ‘জন ভাগীদারী অভিযান’
    আজকাল | ২০ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজ শুরু হয়েছে জেলায় জেলায়। পূর্ব বর্ধমানের মহীপাল প্রাথমিক বিদ্যালয়ে এক নয়া প্রকল্পের শিবির চলছে। এই শিবিরে আদিবাসী উপভোক্তাদের লম্বা লাইন পড়েছে। এই প্রকল্প আদিবাসীদের কাছে সরাসরি প্রকল্প ও পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।

    দু'দিন আগেই জেলাশাসক শ্বেতা আগরওয়াল এই প্রকল্প ঘোষণা করেন। নতুন এই প্রকল্পটি ১৮ মে থেকে পূর্ব বর্ধমান জেলায় শুরু করা হয়েছে। 'জন ভাগীদারী অভিযান' নামে এই প্রকল্পে আদিবাসী কল্যাণের লক্ষ্য গ্রহণ করা হয়েছে। 

    জেলার ১০টি ব্লকের ২৫টি গ্রামকে বেছে নিয়ে ক্যাম্প চালানো হবে। ক্যাম্প চলবে ২৩ মে অবধি। পাশাপাশি ওই স্থানগুলিতে স্বাস্থ্য শিবিরও করা হবে। 

    এই প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প। এর ক্যাচলাইন, 'সবসে দূর, সবসে পহলে।' জেলায় ৫০ শতাংশের বেশি আদিবাসী আছেন এমন ব্লক বেছে নেওয়া হয়েছে। আউশগ্রাম ১, ২ যেমন আছে, তেমনি আছে দূরের পূর্বস্থলী ২ ব্লকও।  

    মহীপাল গ্রামটি বর্ধমান ২ ব্লকে। এখানেও শিবির চলছে। এই ক্যাম্পগুলোতে জনশুনানি করা হচ্ছে। সরাসরি জনগণের অভিযোগ শুনে প্রতিবিধান করাও হচ্ছে। কাস্ট সার্টিফিকেট, রেশন, কৃষি সংক্রান্ত পরিষেবা সহ নানা প্রকল্পের পরিষেবা দেওয়া হচ্ছে ব্লকগুলিতে। এই কাজের জন্য নতুন একটি পোর্টাল খোলা হয়েছে।

    ২৪ ও ২৫ শে মে গোটা কাজের মূল্যায়ন করা হবে। গোটা প্রক্রিয়াই ডকুমেন্টেশনে রাখা হবে। উপভোক্তা কৃষ্ণা মুর্মু জানান, পাঁচটি গ্রামের মানুষ এখানে এসে পরিষেবা পাচ্ছেন। গ্রামবাসী সুদীপ্ত কোনার জানান, জনজাতিদের জন্য এই প্রকল্প খুব ভাল উদ্যোগ। আধিকারিক রাজীব নন্দী জানান, জনজাতি মানুষের কাছে সরকারি সুবিধা নিয়ে যাওয়ার জন্যই এই প্রকল্পে দারুণ সাড়া মিলেছে।
  • Link to this news (আজকাল)