• বিরোধী দলনেতা কে? বিধানসভায় উত্তরের অপেক্ষায় শোভনদেব
    আজকাল | ২০ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দলের তরফে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেবের নাম ঘোষণা করার পরেও, তাঁকে সেই স্বীকৃতি দিচ্ছে না বিধানসভা। তেমনটাই অভিযোগ গত কয়েকদিন ধরেই। একপক্ষ চাইছে রেজলিউশন। এক অপক্ষের অপেক্ষা স্রেফ একটি উত্তরের। আর সব মিলিয়ে রীতিমতো টালমাটাল পরিস্থিতি।  

    দিনকয়েক আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানান, এবার বিধানসভায় বিরোধী দলনেতা বা পরিষদীয় দলনেতার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন বর্ষীয়ান রাজনীতিক শোভনদেব চট্টোপাধ্যায়। অভিষেকের নামের লেটারহেডে চিঠি লিখেই বিধানসভায় বিরোধী দলনেতার নাম জানানো হয়। কিন্তু টালবাহানা সেখানেই। ওই চিঠির ভিত্তিতে হবে না সিদ্ধান্ত, নাকচ করে দেওয়া হয় অভিষেকের দেওয়া চিঠি।  বিরোধী দলনেতার ঘরও বিধানসভায় দেওয়া হয়নি, অভিযোগ তেমনটাই। 

    আজকাল ডট ইন-কে দিনকয়েক আগেই শোভনদেব জানিয়েছিলেন, '১৩ মে, স্পিকার নির্বাচনের আগেই চিঠি দিয়ে জানানো হয়েছিল, কে তৃণমূলের বিরোধী দলনেতা হবেন। সেই চিঠিকে বলছে গ্রাহ্যনীয় নয়। বলা হচ্ছে দলের রেজলিউশন লাগবে। দলের নেতাদের সই লাগবে। আমি আজকেই আরটিআই করেছি। ২০১১, ১৬ এবং সালে কীভাবে হয়েছে বিরোধী দলনেতা নির্বাচন, আরটিআই করে জানতে চেয়েছি।'

    সঙ্গেই তাঁর স্পষ্ট বক্তব্য, 'আমরা দলের নেতাদের সই দেব কেন? আমরা রেজলিউশিনের আউটকাম দিতে পারি। আমি যতদূর জানি, ২০১১,১৬-২১, কখনওই দলের রেজলিউশন চাওয়া হয়নি। তবে আমার আরটিআই-এর কোনও জবাবও দেয়নি এখনও।' 

    বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন এবং বিরোধী দলের স্বীকৃতি ঘিরে জটিলতা আরও বাড়ল বুধে। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি সৌমেন্দ্র দাস। তিনি জানান, 'বিরোধী দলের তরফে একটি চিঠি জমা পড়েছে ঠিকই, তবে সেই চিঠিতে প্রয়োজনীয় কিছু তথ্যের ঘাটতি রয়েছে। ফলে বিষয়টি এখন অধ্যক্ষের বিবেচনার উপর নির্ভর করছে। বিরোধী দলের পক্ষ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটি চিঠি দিয়ে পরিষদীয় দলের পদাধিকারীদের নামের তালিকা পাঠিয়েছেন। কিন্তু সেই চিঠিতে পরিষদীয় দলের বৈঠক কবে হয়েছে, সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন এবং কারা সম্মতি দিয়েছেন, সেই সংক্রান্ত তথ্য উল্লেখ নেই। বিধানসভার নিয়ম অনুযায়ী এই সমস্ত তথ্য স্পষ্টভাবে জমা দিতে হবে। সেই নথি অধ্যক্ষের কাছে পেশ করা হলে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।'

    বুধবার আজকাল ডট ইন-কে শোভনদেব জানান, তিনি এখন অপেক্ষা করছেন আরটিআই-এর উত্তরের। 
  • Link to this news (আজকাল)