কলকাতা পুরসভার তরফে তৃণমূলের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালিকানাধীন বা তাঁর সঙ্গে যুক্ত একাধিক সম্পত্তিতে অননুমোদিত নির্মাণ ভাঙার নির্দেশ দিয়ে নোটিস পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী, ১৮৮এ হরিশ মুখার্জি রোড এবং ১২১ কালীঘাট রোডের বাড়ির কিছু অংশ অনুমোদিত নকশার বাইরে নির্মিত হয়েছে।
নোটিসে সাত দিনের মধ্যে ওই অননুমোদিত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে পুরসভা নিজেই ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। এই নোটিস ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে বলেন, তাঁর বাড়িতে নোটিস পাঠানো হয়েছে এবং এর মাধ্যমে তাঁকে ভয় দেখানো যাবে না। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে।
এই পরিস্থিতিতে কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম মন্তব্য করে বলেন, তিনি এই বিষয়ে সরাসরি কিছু বলতে পারবেন না। তাঁর বক্তব্য, 'পার্সোনাল বিষয়ে আমি কথা বলতে পারব না। এই বিষয়ে আমার কিছু জানা নেই। বরো চেয়ারম্যানেরও এখতিয়ার নেই।'
তিনি আরও জানান, বিল্ডিং বিভাগের নোটিস বা বেআইনি নির্মাণ সংক্রান্ত সিদ্ধান্ত মেয়রের এক্তিয়ারের মধ্যে পড়ে না। তাঁর কথায়, 'আমি নীতি নির্ধারণের কাজ করি, কোন বাড়ি ভাঙা হবে বা হবে না, সেটা প্রশাসনিক স্তরে সিদ্ধান্ত হয়।'
পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভা আইন ১৯৮০-এর ৪০০(১) ধারা অনুযায়ী এই নোটিস পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, কালীঘাট এলাকার একটি বাড়ির নিচের অংশ এবং অন্যান্য কিছু স্থানে অনুমোদনের বাইরে নির্মাণ করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট পক্ষের দাবি, কিছু সম্পত্তি একটি সংস্থার নামে রয়েছে এবং সেই ভিত্তিতেই নোটিস দেওয়া হয়েছে।