লোকসভার মুখ্য সচেতকের পদ খোয়ানোর পর সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট কেরছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সেই সাংসদের এবার বাড়ল কেন্দ্রীয় নিরাপত্তা। তাঁকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে, সোমবার থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। মধ্যমগ্রামে তাঁর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ (CISF) জওয়ানদের দেখা গিয়েছে।
তৃণমূল গদিচ্যুত হতেই তৃণমূলের বেশ কয়েকজন নেতা ও প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যসভার সাংসদ রাজীব কুমার, বিধায়ক কুণাল ঘোষ-সহ বহু শীর্ষনেতার নিরাপত্তা ও কনভয় কমিয়ে দিয়েছে নবান্ন। সেখানে হঠাৎ কেন তৃণমূল সাংসদ কাকলির নিরাপত্তা বাড়ল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
জানা গিয়েছে, বর্তমানে তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। শুধু বাড়িতেই নয়, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে যাতায়াত করছেন কাকলি ঘোষ দস্তিদার। এই নিরাপত্তা বৃদ্ধি ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। সম্প্রতি, লোকসভায় দলের মুখ্য সচেতকের পদ থেকে তাঁকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখযোগ্যভাবে, গত বছরের অগস্ট মাসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই পদ থেকে ইস্তফা দেওয়ার পর কাকলি ঘোষ দস্তিদারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু নয় মাসের মধ্যেই আবার দায়িত্ব বদল হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন কাকলি।
কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, চার দশকের আনুগত্যের পুরস্কার পেয়েছেন। ফেসবুকে কাকলির পোস্ট ছিল, '৭৬ থেকে পরিচয়, ৮৪-তে পথ চলা শুরু। চার দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম।' তাৎপর্যপূর্ণ ভাবে তার পরই কেন্দ্রীয় সুরক্ষা পেলেন কাকলি। তার আগে কাকলির ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদারকেও একাধিক ‘বিদ্রোহী’ পোস্ট করতে দেখা গিয়েছে।