পুলিশকে সিগন্যাল মানার নির্দেশ মুখ্যমন্ত্রীর, কনভয় থামিয়ে নির্দেশ শুভেন্দুর
দৈনিক স্টেটসম্যান | ২০ মে ২০২৬
রেড রোডে ঘটে যাওয়া এক ঘটনার পর ট্র্যাফিক আইন নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় রেড রোড হয়ে ময়দানের পিডব্লিউডি টেন্টের দিকে যাওয়ার সময় তাঁর কনভয় একটি সংযোগস্থলে লাল সিগন্যালের মুখোমুখি হয়। ওই সময় দায়িত্বে থাকা পুলিশ কনভয় দ্রুত এগিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়। কিন্তু বিষয়টি নজরে আসতেই নিজের গাড়ি থামিয়ে দেন তিনি।
এরপর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত এক ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশকর্তাকে ডেকে স্পষ্ট নির্দেশ দেন যে, তাঁর কনভয় চলাচলের ক্ষেত্রেও যেন কোনোভাবেই ট্র্যাফিক সিগন্যাল বা আইন ভাঙা না হয়। প্রয়োজনে প্রোটোকল অনুযায়ী বিকল্প রাস্তা ব্যবহার করা যেতে পারে, তবে লাল সিগন্যাল অমান্য করে এগোনো যাবে না—এমনটাই জানান তিনি। সূত্রের খবর, তিনি আরও বলেন, তিনি নিজেও সাধারণ নাগরিকদের মতোই ট্র্যাফিক আইন মানতে চান এবং কোনও বিশেষ সুবিধা গ্রহণ করতে আগ্রহী নন।
এই ঘটনার পর পুলিশ প্রশাসনের তরফেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, শহরের বিভিন্ন এলাকায় বিশেষ করে ভিভিআইপি রুটে দায়িত্বপ্রাপ্ত ট্র্যাফিক ও থানা কর্মীরা যেন আরও সতর্ক থাকেন এবং কোনও অবস্থাতেই সিগন্যাল অমান্য না করা হয়।
প্রশাসনিক মহলের একাংশের মতে, এই ধরনের নির্দেশ ভিভিআইপি চলাচলের নিয়মে একটি বার্তা দেয় যে, নিরাপত্তা ও প্রোটোকল বজায় রেখেও ট্র্যাফিক আইন মেনে চলা সম্ভব। অন্যদিকে, সাধারণ মানুষের একাংশও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন, এতে আইন সবার জন্য সমান—এই বার্তাই আরও একবার সামনে এসেছে।