দিনের পর দিন উধাও হচ্ছিল হাঁস-মুরগি, অবশেষে আসল রহস্য ফাঁস! হাতেনাতে ধরা পড়ল অজগর
News18 বাংলা | ২০ মে ২০২৬
জলপাইগুড়ি, সুরজিৎ দে: জঙ্গল থেকে গ্রামে ঢুকে গোটা একটি মুরগি গিলে ফেলল প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর। পরে গ্রামবাসীদের নজরে পড়তেই আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে বাতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মজিদপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর নাগাদ একটি অজগরকে মুরগি মুখে করে নিয়ে যেতে দেখা যায়। গ্রামবাসীরা সেটিকে ধরার চেষ্টা করলে প্রথমে পালিয়ে যায় সাপটি। পরে একটি জালে আটকে পড়ে এবং সোজা পাশের একটি পুকুরে নেমে যায়। প্রায় দেড় ঘণ্টা জলের মধ্যেই ছিল অজগরটি।
আরও পড়ুন: ঝাঁটা হাতে সাফাই অভিযান বিধায়কের, হাসপাতাল চত্বরে তোলপাড়! মন দিয়ে শুনলেন রোগীদের অভাব-অভিযোগ
পরে বনদফতরের কর্মীরা এসে সেটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়। গ্রামবাসীদের অভিযোগ, জঙ্গল লাগোয়া এলাকা হওয়ায় মাঝেমধ্যেই বন্যপ্রাণীর উপদ্রব দেখা যায়। প্রায়ই হাঁস-মুরগি নিখোঁজ হয়ে যায়। কখনও বন্য হাতি, কখনও চিতাবাঘ, আবার কখনও অজগর গ্রামে ঢুকে আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম জানান, গত তিন দিন ধরে একের পর এক মুরগি হারিয়ে যাচ্ছিল।
এদিন দুপুরে দেখা যায় একটি অজগর মুরগি নিয়ে পালাচ্ছে। পরে সেটিকে আটক করে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এখানে মাঝেমধ্যেই বন্যপ্রাণীর হামলায় গৃহপালিত পশুর ক্ষতি হয়। পরিবেশপ্রেমী স্বরূপ মণ্ডল বলেন, গরুমারা জঙ্গল সংলগ্ন বনবস্তি এলাকায় খাবারের খোঁজে অজগর ও চিতাবাঘ প্রায়ই গ্রামে চলে আসে। তবে এদিন অজগরটি কাউকে আক্রমণ করেনি।”