• ইলিশের মতোই রূপ, স্বাদে অতুলনীয়! কেন আত্রেয়ী নদী থেকে হারিয়ে যাচ্ছে রুপোলি রাইখোর?
    News18 বাংলা | ২০ মে ২০২৬
  • দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাট শহরের বুক চিরে বয়ে চলা আত্রেয়ী নদী একসময় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বিশেষ এক মাছের জন্যও পরিচিত ছিল। সেই মাছের নাম রাইখোর। স্থানীয়দের কাছে এটি ‘রুপোলি মাছ’ বলেও পরিচিত। একসময় বর্ষার মরশুমে কিংবা নদীতে জলের প্রবাহ বাড়লে দল বেঁধে দেখা মিলত এই মাছের। জোৎস্না রাতে আত্রেয়ীর জলে রাইখোর মাছের ঝাঁক ভেসে উঠলে নদীর বুক যেন রুপোর আভায় ঝলমল করে উঠত।

    কিন্তু সময়ের সঙ্গে সেই ছবি বদলে গিয়েছে। বর্তমানে আত্রেয়ী নদীতে রাইখোর মাছ প্রায় দেখাই যায় না। বাজারে এই মাছের চাহিদা থাকলেও জোগান নেই বললেই চলে। ফলে ধীরে ধীরে নদী থেকে হারিয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে আত্রেয়ীর এই ঐতিহ্যবাহী মাছ। বর্ষাকাল এলে বাজারে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ীর কাছে রাইখোরের দেখা মেলে। বর্ষা পেরোলেই আবার হারিয়ে যায়।

    বালুরঘাটের তহ বাজার, সাহেব কাছারি বাজার, চকভৃগু বাজার, পাওয়ার হাউস বাজার-সহ শহরের বিভিন্ন জায়গায় রাইখোর প্রচুর পরিমাণে দেখা যেত। আমদানিও বেশ ভাল ছিল। কিন্তু, গত কয়েক বছর ধরে বালুরঘাটের বাজারগুলিতে আর সে ভাবে দেখা মিলছে না রাইখোরের।

    জলের প্রবাহ কমে যাওয়া, নদীর স্বাভাবিক সংযোগ বিচ্ছিন্ন হওয়া, দূষণ এবং পরিবেশগত পরিবর্তনের জেরে আত্রেয়ী নদীর পরিচিত রুপোলি মাছ রাইখোর আজ প্রায় হারিয়ে যাওয়ার পথে। একসময় বাংলাদেশের চলনবিল থেকে উজানের স্রোতের সঙ্গে ঝাঁকে ঝাঁকে রাইখোর মাছ আত্রেয়ীতে আসত। কিন্তু বিভিন্ন এলাকায় নদীবাঁধ নির্মাণের ফলে সেই স্বাভাবিক যোগাযোগ অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছে।

    স্থানীয়রা জানাচ্ছেন, নদীর তীরের জলে যেখানে ঘাসজাতীয় গুল্ম থাকত, সেই জায়গাগুলিই ছিল রাইখোর মাছের পছন্দের আবাসস্থল। বর্তমানে নদীপাড় সংলগ্ন চাষের জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে দূষিত জল নদীতে গিয়ে মিশছে। ফলে ধীরে ধীরে নদীর পরিবেশ রাইখোর মাছের বসবাসের অযোগ্য হয়ে উঠছে। নদীতে দূষণ বেড়ে যাওয়ায় আগের মতো ডিম দিচ্ছে না রাইখোর। পাশাপাশি অনিয়মিত বৃষ্টি ও জলবায়ুর পরিবর্তনও আত্রেয়ী নদীতে রাইখোরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।
  • Link to this news (News18 বাংলা)