আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে বাংলার 'এই' খুদে কন্যা, গর্বে ভাসছে বাঁকুড়া
News18 বাংলা | ২০ মে ২০২৬
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: মাত্র পাঁচ বছরের মেয়ে, আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। কথাটা ভাবলে বিশ্বাস হয় না। এত কম বয়সে এত বড় সাফল্য! মাত্র পাঁচ বছর বয়সে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেল বাঁকুড়ার খুদে অনিকা। বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি এলাকার বাসিন্দা অনিকা খুব সম্প্রতি “প্রিন্সেস অফ ওয়েস্ট বেঙ্গল” খেতাব অর্জন করে বাঁকুড়া তথা বাংলার মুখ উজ্জ্বল করেছে।
বাঁকুড়ার বাসিন্দা যুগল অভিজিৎ দাস এবং তানিয়া পাঠকের কন্যা আনিকা দাস বাঁকুড়ার কিডজি স্কুলের ছাত্রী। জানা গিয়েছে, ছোট থেকে অনিকা বলত, “বড় হয়ে আমি প্রিন্সেস হব।” খুব একটা বড় হওয়ার আগেই বাঁকুড়াবাসীর মনে প্রিন্সেস হয়ে গিয়েছে এই ছোট্ট মেয়ে। আন্তর্জাতিক ফ্যাশন ও ট্যালেন্ট প্ল্যাটফর্ম “Fashion Runway International”-এর উদ্যোগে আয়োজিত রাজস্থানের জয়পুরে এক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিতে চলেছে খুদে অনিকা।
আরও পড়ুন: সমুদ্রের বাঁধ থেকে ফ্লাড শেল্টার, দুর্যোগ রুখতে দিঘা-মন্দারমণিতে আগাম প্রস্তুতি! কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন
এই প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ২৩টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করবে। পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করার পর এবার ভারতের প্রতিনিধি হিসেবেই আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরবে সে। অনিকা দাস এর বাবা অভিজিৎ দাস, পেশায় ইঞ্জিনিয়ার। তিনি বলেন, “আমাদের মেয়ে যা চাইবে সেটাই করবে। ও যদি চায় ফ্যাশন নিয়ে এগিয়ে যেতে, তাহলে সেটাই আমরা মেনে নেব। পড়াশোনা সে ক্ষেত্রে সেকেন্ডারি হয়ে যাবে।” বাবা-মার এতটা সাপোর্ট খুব একটা দেখা যায় না, তাও আবার এত কম বয়সে।
খুব অল্প বয়স থেকেই অনিকার বিভিন্ন সাংস্কৃতিক ও ফ্যাশনভিত্তিক প্রতিযোগিতার প্রতি আগ্রহ ছিল। গোটা বাংলার কম্পিটিশনে “প্রিন্সেস অফ ওয়েস্ট বেঙ্গল” নির্বাচিত হওয়ার পর খুদে অনিকা পেয়েছে এই আন্তর্জাতিক সুযোগ। তার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার থেকে শুরু করে গোটা বাঁকুড়া জেলায়। মাত্র পাঁচ বছরের একটি শিশু দেশের প্রতিনিধিত্ব করতে চলেছে বাঁকুড়ার বুক থেকে। অনেকেরই ধারণা বাঁকুড়ার মত প্রত্যন্ত জায়গা থেকে প্রতিভা খুঁজে পাওয়া খুব কঠিন। তবে পড়াশোনা এবং শিল্পের পাশাপাশি, গ্ল্যামার জগতেও বাঁকুড়ায় রয়েছে যথেষ্ট প্রতিভা। মাত্র পাঁচ বছর বয়সে দেশের প্রতিনিধিত্ব করতে চলা অনিকা দাস তার জ্বলন্ত উদাহরণ।