জলে নেমেই চরম বিপর্যয়, বসুন্ধরা পার্কে তলিয়ে প্রাণ গেল ১৫ বছরের কিশোরের
News18 বাংলা | ২০ মে ২০২৬
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: চড়া রোদ থেকে বাঁচতে দুই ভাই হুড়োহুড়ি করে নেমেছিল জলে। কিন্তু সেই ক্ষণিকের আনন্দই যে এত বড় বিপর্যয় ডেকে আনবে, তা ভাবতেও পারেনি কেউ। দুর্গাপুরের বসুন্ধরা পার্কে জলে নেমে তলিয়ে গেল ১৫ বছর বয়সী এক কিশোর। মৃত কিশোরের নাম সঞ্জীব গড়াই। সে দুর্গাপুরের শ্রীনগর পল্লী এলাকার বাসিন্দা ছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গরমের হাত থেকে স্বস্তি পেতে দুই ভাই মিলে বসুন্ধরা পার্কের স্নান করতে নেমেছিল। কিন্তু গভীরতা আন্দাজ করতে না পেরে আচমকাই জলের গভীরে তলিয়ে যায় ১৫ বছরের সঞ্জীব। ভাইয়ের চোখের সামনেই ঘটে যায় এই মর্মান্তিক কাণ্ড। চিৎকার শুনে আশেপাশের মানুষ ও পার্কের কর্মীরা ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালালেও শুরুতে তার কোনও হদিশ মেলেনি।
আরও পড়ুন: মাত্র পাঁচ বছর বয়সে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে বাংলার ‘এই’ খুদে কন্যা, গর্বে ভাসছে বাঁকুড়া
ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দীর্ঘ বেশ কিছু সময় তল্লাশির পর অবশেষে ওই কিশোরের নিথর দেহ জল থেকে উদ্ধার করা সম্ভব হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপরেই কার্যত শোকে ভেঙে পড়েছে পরিবার।
গ্রীষ্মের মরসুমে বহু মানুষই একটু শান্তির খোঁজে বারবার জলের কাছে ছুটে যাচ্ছেন। কেউ বারবার স্নান করছেন, কেউ জলে নেমে কিছুটা অলস সময় কাটাতে চাইছেন। কিন্তু সেই জলে অসাবধানতাবশত চলে গিয়েছে একটি তরতাজা প্রাণ। কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। শোকে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছেন ওই কিশোরের মা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।