ঝাঁটা হাতে সাফাই অভিযান বিধায়কের, হাসপাতাল চত্বরে তোলপাড়! কোথায় হল এসব, দেখুন...
News18 বাংলা | ২০ মে ২০২৬
আড়ংঘাটা, নদিয়া, মৈনাক দেবনাথ: রানাঘাট উত্তরপূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের আকস্মিক ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়াল এলাকায়। আড়ংঘাটা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে হাসপাতালের পরিষেবা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। স্বাস্থ্য পরিষেবার মান, রোগীদের চিকিৎসা ও হাসপাতালের পরিকাঠামো নিয়ে সরাসরি রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিধায়ক।
জানা গিয়েছে, রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং প্রশাসনিক তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়ার পর থেকেই বিভিন্ন সরকারি পরিষেবা ক্ষেত্রে নজরদারি শুরু হয়েছে। সেই প্রেক্ষিতেই এদিন হঠাৎ করে স্বাস্থ্যকেন্দ্রে হাজির হন অসীম বিশ্বাস। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি তিনি ভর্তি থাকা রোগীদের শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত সমস্যার খোঁজ নেন।
আরও পড়ুন: রেফার রুখতে কড়া দাওয়াই বিধায়কের, হাসপাতাল কর্তৃপক্ষকে বাতলে দিলেন উপায়! দালালরাজ নিয়ে ‘জিরো টলারেন্স’বেশ কয়েকজন রোগী চিকিৎসা পরিষেবা নিয়ে নিজেদের অভাব-অভিযোগও জানান বিধায়ককে। তবে গোটা পরিদর্শনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দৃশ্য ছিল হাসপাতাল চত্বরে জমে থাকা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করতে দেখা যায় বিধায়ককে। হাসপাতালের একাংশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা জঞ্জাল দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে ঝাঁটা হাতে নিয়ে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন। বিধায়কের এই উদ্যোগে হাসপাতাল কর্মী, রোগী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
স্থানীয়দের একাংশের বক্তব্য, জনপ্রতিনিধিরা যদি এভাবেই নিয়মিত সরকারি হাসপাতালগুলির পরিষেবা খতিয়ে দেখেন, তাহলে সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। অনেকেই বলেন, “মানুষের পাশে থেকে কাজ করার এই মানসিকতাই বদলের বার্তা দিচ্ছে।” বিধায়কের এই আকস্মিক পরিদর্শনের পর হাসপাতাল কর্তৃপক্ষও পরিষেবা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে আরও সক্রিয় হবে বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা।