আট লক্ষ টাকা মূল্যের চুরি যাওয়া পিএইচই-র পাইপ উদ্ধার, পুলিশের জালে দুই অভিযুক্ত
News18 বাংলা | ২০ মে ২০২৬
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: লরি বোঝাই পিএইচই-র চুরি যাওয়া পাইপ উদ্ধার, শান্তিপুর থানার জালে দুই অভিযুক্ত। শান্তিপুর থানার পুলিশের এক বড়সড় সাফল্য। নদীয়ার শান্তিপুর থানা এলাকা থেকে উদ্ধার হল সরকারি পিএইচই-র প্রায় আট লক্ষ টাকার চুরি যাওয়া লোহার পাইপ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরভূমের রামপুরহাট থানা এলাকার একটি রাস্তার ধার থেকে পিএইচই-র জলের লাইন বসানোর জন্য রাখা বেশ কিছু সরকারি পাইপ চুরি হয়ে যায়। গত ২৬ মে দুপুরের দিকে পাইপলাইনের দায়িত্বপ্রাপ্ত অনুমোদিত ঠিকাদার (কন্ট্রাক্টর), যিনি কলকাতার বরানগর নিবাসী বাসিন্দা নাম প্রদীপ কুমার দে , গোপন সূত্রে জানতে পারেন যে একটি লরিতে করে তাঁর চুরি যাওয়া পাইপগুলি পাচার করা হচ্ছে এবং গাড়িটি বর্তমানে শান্তিপুর থানা এলাকার একটি হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছে।
আরও পড়ুন: ঝাঁটা হাতে সাফাই অভিযান বিধায়কের, হাসপাতাল চত্বরে তোলপাড়! মন দিয়ে শুনলেন রোগীদের অভাব-অভিযোগখবর পেয়েই ওই ঠিকাদার দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং সেখানে একটি লরি বোঝাই পাইপ দেখতে পান। গাড়ি চালক এবং তার সহযোগীকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই তারা নিজেদের নাম-ঠিকানা নিয়ে অসংলগ্ন কথা বলতে শুরু করে এবং একপর্যায়ে সুযোগ বুঝে সেখান থেকে চম্পট দেয়। এরপরই ওই ঠিকাদার শান্তিপুর থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে শান্তিপুর থানার পুলিশ ওই এলাকা থেকেই দুজনকে গ্রেফতার করে।
ধৃতদের মধ্যে একজন লরির চালক এবং অন্যজন এই চক্রের অন্যতম একজন পান্ডা। ধৃতদের নাম হাসান শেখ, এবং প্রশান্ত মন্ডল। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া বয়ানের ভিত্তিতে শান্তিপুরের বাবলা এলাকার একটি আম বাগানের ভেতর থেকে মোট ৪০টি চুরির পাইপ এবং লরিটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত এই পাইপগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় আট লক্ষ টাকা। পুলিশের প্রাথমিক অনুমান, এর পিছনে কোনও বড়সড় চোর চক্র সক্রিয় রয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত আছে এবং তারা ইতিপূর্বে এরকম কোনও চুরির সঙ্গে জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত জারি রেখেছে শান্তিপুর থানার পুলিশ। ধৃতদের আদালতে পাঠালে তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।