হাওড়া: গঙ্গায় বানের ছবি তুলতে গিয়ে বিপত্তি। জলের তোড়ে ভেসে গেলেন যুবক। হাড়রহিম সেই ছবি ক্যামেরাবন্দি হয়েছে। জানা যায়, যুবককে বাঁচাতে গঙ্গায় ঝাঁপ দেন অন্য দুই যুবক। বালি ব্রিজের নীচ থেকে উদ্ধার করা হয় বছর ৩৫-এর মহঃ গুলাবকে। ঘটনাটি বেলুড় জগন্নাথ ঘাটের। উদ্ধারের পর যুবককে নিয়ে যাওয়া হয় বেলুড় জেনারেল হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর যুবককে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে যুবক সুস্থ আছেন।
একইরকম ঘটনা ঘটেছিল ২০২২ সালে, সেই বেলুড়ের জগন্নাথ ঘাটেই। গঙ্গায় বানের তোড়ে ভেসে যান বছর ২০-র এক যুবক। সেদিন দুপুরে বেলুড়ের জগন্নাথ ঘাটে মোটামুটি ভিড় ছিল। মেঘলা দিনে অনেকেই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। সেখানেই ছিলেন শাহিদ। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবকও ফোন হাতে ঢেউয়ের ভিডি ও করছিলেন। গঙ্গার জলে পা ভিজিয়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎই বান আসে। ঢেউয়ের ধাক্কায় পড়ে যান যুবক। স্থানীয় এক যুবক ঝাঁপ দিয়ে বাঁচানোর চেষ্টা করলেও পারেননি। বানের জলে ভেসে যান শাহিদ। তিনি জয় বিবি লেনের ভোট বাগানের বাসিন্দা। বান আসার সময় ঘাটের একেবারে ধারে দাঁড়িয়ে ভিডিও করছিলেন তিনি। আচমকা জলের ধাক্কায় টাল সামলাতে না পেরে পড়ে যান জলে। মুহূর্তের মধ্যে তলিয়ে যান।
এপ্রিল মাসে হুগলিতে গঙ্গায় তলিয়ে গিয়ে দু’জনের মৃত্যু হয়। দুটি পৃথক ঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় গঙ্গায় তলিয়ে যান দুই ব্যক্তি। চন্দননগরের শিববাটি ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যান বছর ষোলোর কিশোর ইমরান আলম। সেখানে স্নান করতে নেমেই আচমকা জলে তলিয়ে যায় সে। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি তাকে উদ্ধার করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। অন্যদিকে, শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাটে জল তুলতে গিয়ে তলিয়ে মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম নিশান ভুঁইয়া (৩৬)। তিনি উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থেকে বাবা-মায়ের সঙ্গে তারকেশ্বর যাওয়ার জন্য শ্যাওড়াফুলিতে এসেছিলেন। ঘাট থেকে জল তুলতে গিয়ে অসাবধানতাবশত গঙ্গায় পড়ে তলিয়ে যান তিনি।