এই নিয়ে ৩বার! বিধায়াক পেনশান পেতে আবার বিয়ে করলেন প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়
News18 বাংলা | ২০ মে ২০২৬
জলপাইগুড়ি: জলপাইগুড়ির রাজগঞ্জের চারবারের বিধায়ক খগেশ্বর রায়। এবার যদিও তিনি ভোটে টিকিট পাননি। বিধায়ক পদ নেই। এবার তাঁকে প্রার্থী করেনি তৃণমূল৷ তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। এবার বিয়ে করে খবরে খগেশ্বর রায়! রাজগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক, বিধায়ক পেনশান পেতেই আবার বিয়ে করলেন৷ এই নিয়ে ৩ বার!
গত সপ্তাহে কলকাতায় গিয়ে বিধায়ক কোটার পেনশানের জন্য আবেদন করে এসেছিলেন তিনি। কিন্তু ম্যারেজ সার্টিফিকেট না থাকায় তা আটকে যায়৷ বিবাহিত বিধায়কদের, বিধায়ক পেনশানের জন্য এই নথি গুরুত্বপূর্ণ৷ ১৯৭৪-এ বিয়ে হয়েছিল খগেশ্বর রায়ের৷ তখন আইনি প্রক্রিয়ায় বিয়ে করেননি৷ বিয়ের বাহান্ন বছর পর পেনশানের জন্য ফের আইনি মতে বিয়ে সারলেন বর্ষিয়ান বিধায়ক খগেশ্বর রায়। বুধবার স্ত্রীকে নিয়ে জলপাইগুড়ি এসে আইনসম্মত ভাবে বিয়েটা সেরে নেন প্রাক্তন তৃণমূল বিধায়ক।
তবে কেন বলা হচ্ছে ৩ বার বিয়ের কথা? ১৯৭৪-এ প্রতিমা রায়ের সঙ্গে বিয়ে হয় খগেশ্বরবাবুর৷ ২০২৪-এ বিয়ের ৫০ বছরপূর্তি হয় তাঁদের৷ ঘটা করে হয়েছিল অনুষ্ঠান! এবার সেই বিয়ে হল আইনি মতে৷ ফলে ৩বারই হল বিয়ে!
তৃণমূল সংগঠন তৈরি থেকে উত্তরবঙ্গে যে কয়েক জন নেতা মমতার রাজনৈতিক সঙ্গী হয়েছিলেন, তাঁদের মধ্যে খগেশ্বর ছিলেন অন্যতম। ২০০৯ সালের উপনির্বাচনে প্রথম জয়লাভ করেন। তার পর ২০১১ সাল ২০২১ সাল পর্যন্ত টানা রাজগঞ্জ থেকে জিতে এসেছিলেন তিনি। তবে ২০২৬-এর ভোটে টিকিট পাননি। এখন বিধায়ক পদ নেই। তৃণমূলেরও ভরাডুবি হয়েছে৷