• ভোট পরবর্তী হিংসা, হকার উচ্ছেদ নিয়ে বিধানসভায় প্রতিবাদ তৃণমূলের
    এই সময় | ২০ মে ২০২৬
  • ভোট পরবর্তী হিংসা, বুলডোজ়ার অভিযান এবং হকার উচ্ছেদের বিরুদ্ধে বুধবার বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। বিধানসভায় বিআর অম্বেডকর মূর্তির পাদদেশে এ দিন বিক্ষোভ দেখানো হয়। যদিও এই প্রতিবাদ কর্মসূচিতে অর্ধেকের কাছাকাছি তৃণমূল বিধায়ক উপস্থিত ছিলেন না। বুলডোজ়ার চালিয়ে সাধারণ মানুষের রুজি-রুটি কেড়ে নেওয়ার অপচেষ্টা বন্ধ করতে হবে বলে দাবি তৃণমূলের।

    বুধবারের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের ৩৬ জন বিধায়ক। তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘রাজ্যে ক্ষমতায় আসার পরে বিজেপি গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে। সাধারণ মানুষের রুটি রুজি বন্ধ করে দেওয়া হচ্ছে।’

    তৃণমূলের ফেসবুক প্রোফাইলে লেখা হয়, ‘গরিব মানুষের পেটের ভাত কেড়ে নেওয়ার এই স্বৈরাচারী পদক্ষেপ এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে বিধানসভার বাইরে ও ভিতরে একযোগে অবস্থান বিক্ষোভে শামিল হন তৃণমূল কংগ্রেসের বিধায়করা।’

    মঙ্গলবার দলের জয়ী বিধায়কের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বুলডোজার অভিযান থেকে শুরু করে হকার উচ্ছেদের বিরুদ্ধে রাস্তায় নামার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন একাধিক তৃণমূল বিধায়ক।

  • Link to this news (এই সময়)