কল্যাণীর পর রাজ্যে দ্বিতীয় AIIMS পরিকল্পনা, জানালেন শমীক
eTV Bharat | ২০ মে ২০২৬
কল্যাণী, 20 মে: রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নত করতে দ্বিতীয় এইমস হাসপাতাল তৈরি করা হবে ৷ বুধবার কল্যাণী এইমস হাসপাতালে সিও2 লেজার ইউনিটের উদ্বোধনে গিয়ে একথা জানালেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ৷ তবে, কবে, কোথায় তা নিয়ে কিছু স্পষ্ট করেননি তিনি ৷ শমীকের কথায়, রাজ্য বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবাকে আরও প্রসারিত করতে দ্বিতীয় একটি এইমস-এর প্রয়োজন রয়েছে এবং তা ভারত সরকার করবে ৷
এ দিন কল্যাণী এইমস-এ সিও2 লেজার ইউনিটের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শমীক ৷ এছাড়াও জেলাশাসক এবং সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায় এবং এইমসের শীর্ষ আধিকারিক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন ৷ শমীক ভট্টাচার্য জানান, ভারতের প্রায় সবক’টি এইমস হাসপাতালেই এই সিও2 লেজার ইউনিটের সুবিধা রয়েছে ৷ যা এবার কল্যাণী এইমসে চালু করা হল ৷
তবে, সরকারি ক্ষেত্রে রাজ্যে এটাই কোনও হাসপাতাল যেখানে ত্বকের চিকিৎসায় সিও2 লেজার ইউনিট শুরু হল ৷ বেসরকারি যে সব হাসপাতালে এই ইউনিট রয়েছে, তার খরচ গরিব মানুষের নাগালের বাইরে বলে জানান তিনি ৷ সেই দিক থেকে কল্যাণী এইমসে এই পরিষেবা অনেক কম খরচে মিলবে ৷
বাংলার স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে তিনি বলেন, "বর্তমানে দক্ষিণ ভারতের ট্রেনের টিকিট পাওয়া যায় না ৷ কারণ, বাংলার মানুষ বড় কোনও রোগের চিকিৎসা করাতে হলে সোজা দক্ষিণ ভারতে চলে যাচ্ছে ৷ সেই দিক থেকে কল্যাণী এইমসের থেকে বাংলার মানুষের যে চাহিদা, তা এখনই পূরণ করা সম্ভব হচ্ছে না ৷ একটা এইমস হাসপাতাল তৈরি করার পর, সেখানে পুরোদমে পরিষেবা চালু করতে কম করে 10-12 বছর সময় লাগে ৷ সব ধরনের মেডিক্যাল সামগ্রী, নন-মেডিক্যাল বিষয় ও সর্বোপরি সবরকম রোগের চিকিৎসার পরিকাঠামো ও তার সরঞ্জামের ব্যবস্থা করা, সময় সাপেক্ষ ৷ যেহেতু এইমস বিশ্বমানের চিকিৎসা পদ্ধতিকে ফলো করে, তাই সময়টাও বেশি লাগে ৷"
আর এই প্রসঙ্গেই শমীক বলেন, "পশ্চিমবঙ্গে আরও একটি এইমস প্রয়োজন আছে ৷ আর সেটা তৈরি করা হবে ৷ কল্যাণী এইমসের উপরে গোটা রাজ্যের মানুষ নির্ভরশীল ৷ তাই আরও একটি এইমস তৈরি করা হবে ৷ কবে হবে, সেটা এখনই বলা সম্ভব নয় ৷ তবে, বাংলার স্বাস্থ্য কাঠামোকে উন্নত করতে পশ্চিমবঙ্গ সরকার এইমসের সঙ্গে সহযোগিতা করে চলবে ৷"