যাত্রাতেও বিপুল অঙ্কের কাটমানির চল! 'বিশ্বাস ব্রাদার্স'-এর বিরুদ্ধে তোপ দেগে কী বললেন পাপিয়া অধিকারী
আজকাল | ২০ মে ২০২৬
যাত্রার জন্যও এতদিন কাট মানি দিতে হতো সংস্থাকে! টালিগঞ্জের বিধায়ক হয়েই বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে বিস্ফোরক দাবি পাপিয়া অধিকারীর। সম্প্রতি আজকাল ডট ইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে যাত্রার জগতে চলা দুর্নীতি, নিরাপত্তাহীনতা নিয়ে কথা বললেন।
যাত্রা কোম্পানিগুলোকে বিশ্বাস ব্রাদার্সকে মোটা অঙ্কের কাটমানি দিতে হতো বলে এদিন দাবি করেন পাপিয়া অধিকারী। এবং সেই অঙ্ক মোটেই কম নয়। টালিগঞ্জের বিধায়কের কথায়, "যাত্রাটাকে আমি একটু ঢেলে সাজানোর চেষ্টা করছি কারণ যাত্রাতেও আবার কাটমানি দিতে হয়। যিনি বিশ্বাস ব্রাদার্সের মধ্যে বড় বিশ্বাস, ঘোর অবিশ্বাসের কাজ করেছেন। তিনি প্রতি প্রোডাকশনে ২-৫ লাখ টাকা নিয়ে থাকেন। আমি যদি কাটমানি দিয়েই দিলাম ৫ লাখ, তাহলে আমি ব্যবসা করে কী পাব? যাত্রার প্রযোজকরা এসেছিলেন আমার কাছে। কাঁদছেন রীতিমত। তাঁরা আবার রেজিস্টার্ড নন, পশ্চিমবঙ্গ স্বীকৃত নন। ওঁরা ভাবছেন ওঁরা পশ্চিমবঙ্গ। ওঁরা যা বলবেন তাই। কিন্তু এভাবে যে ঘুরে যাবে, ওঁরা সেটা বুঝতে পারেননি। দানটা ঘুরে গেল। এবার দান তো আমরা ফেলব। সততা, স্বচ্ছতার দান ফেলব।"
তিনি এদিন আরও জানান, কেবল সিনেমা, সিরিয়ালের শিল্পী, টেকনিশিয়ানদের কোনও নিরাপত্তা নেই সেটাই নয়। একই হাল যাত্রার শিল্পী এবং টেকনিশিয়ানদের। এই প্রসঙ্গে পাপিয়া অধিকারী বলেন, "যাত্রাতেও নিরাপত্তার অভাব। আমি তো ২৫-৩০ হাজার দর্শক পেতাম। স্টেজ আর দর্শকদের মাঝে সামনে একটুখানি জায়গা ফাঁকা, কারও যদি মনে হয় কিছু ছুঁড়ে দিল, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের মতো শিল্পীরা থাকলে পুলিশি নিরাপত্তা পাওয়া যেত, কিন্তু তাঁরা পিছনে দাঁড়িয়ে থাকতেন। এক্স খোলা মঞ্চ। নিরাপত্তা কোথায় টেকনিশিয়ান, শিল্পীদের? নেই।"