বিধানসভায় বিধায়কদের ‘সংখ্যা’ দেখে বড় আশঙ্কা তৃণমূলে
আজকাল | ২১ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ক্ষমতা হারানোর পর প্রথম বড় পরিষদীয় কর্মসূচিতেই প্রবল অস্বস্তিতে পড়ল তৃণমূল কংগ্রেস। বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে দলের অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন মাত্র কয়েক জন বিধায়ক। ৮০ জন বিধায়কের দলে অর্ধেকেরও বেশি সদস্যের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। অনেকেই আশঙ্কা করছেন, এবার কি তৃণমূলে বড়সড় ভাঙন ধরতে চলেছে?
বুধবার তৃণমূলের পরিষদীয় দল রাজ্যজুড়ে রাজনৈতিক হামলা, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং হকার উচ্ছেদের প্রতিবাদে বিধানসভায় অবস্থান কর্মসূচির ডাক দেয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ-সহ দলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু বহু তৃণমূল বিধায়ককেই সেখানে দেখা যায়নি। ফলে জল্পনা ছড়িয়েছে দলের অন্দরেই।
জানা গিয়েছে, কালীঘাটে মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকে কয়েকজন বিধায়ক স্পষ্টভাবে বলেন, সিপিআইএম ইতিমধ্যেই উচ্ছেদ ইস্যুতে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে, অথচ তৃণমূলের তরফে কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিশেষ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলনে নামার প্রয়োজনীয়তার কথা উঠে আসে ওই বৈঠকে। এই আবহে বৈঠকে নাকি সিদ্ধান্ত হয়, ২১ মে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করবে তৃণমূল। তবে তার আগে, বুধবার বিধায়করা বিধানসভায় ধরনায় বসলেন। কিন্তু সেখানে যে চিত্র দেখা গেল, তা রীতিমতো তৃণমূলের কাছে আশঙ্কার।
রাজনৈতিক মহলের নজর কেড়েছে আরও একটি বিষয়। কর্মসূচিতে ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ এবং ‘তৃণমূল জিন্দাবাদ’ স্লোগান উঠলেও, একবারের জন্যও শোনা যায়নি ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান। তা নিয়েও গুঞ্জন চলছে দলের অন্দরে। এই সুযোগে বিজেপির দাবি, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের ভিতরে অসন্তোষ বাড়ছে। অনেক বিধায়কের অনুপস্থিতিকে সেই অস্বস্তিরই প্রতিফলন বলে কটাক্ষ করেছে তাঁরা। যদিও তৃণমূলের দাবি, মানুষের স্বার্থে আন্দোলন চালিয়ে যেতেই তারা রাস্তায় নেমেছে এবং হকার উচ্ছেদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে।