বিএসএফ-কে জমি হস্তান্তর, পরিমাণ জানালেন মুখ্যমন্ত্রী
আজকাল | ২১ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: ক্ষমতায় বসেই জানিয়েছিলেন অনুপ্রবেশে জিরো টলারেন্সের কথা। প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর জমি হস্তান্তরের কথা ঘোষণা করেছিল বিজেপি সরকার। তার কয়েকদিনের মাথায়, নবান্ন সভাঘর থেকে একেবারে কত পরিমাণ জমি হস্তান্তর করা হবে, তাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী এদিন বলেন, বিএসএফ আগেই বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি চেয়েছিল। কিন্তু আগের সরকার তা দেয়নি বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তারপরেই জানিয়ে দেন, বিএসএফ-কে ২৭ কিলোমিটার জমি দেওয়া হবে। দু'সপ্তাহের মধ্যেই জমি হস্তান্তর করা হবে বলেও জানিয়ে দেন।
এদিন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী জানান, 'ভারতের সঙ্গে সীমান্ত ৪ হাজার কিমি। পশ্চিমবঙ্গে ২২০০ কিমি। বাকি রাজ্যে বিএসএফ-এর চাহিদা মতো জমি দেওয়া হয়েছে। আমাদের এই রাজ্যে ২২০০-র মধ্যে ১৬০০ কিমি কাঁটাতার রয়েছে। ৬০০ কিমি-তে কাঁটাতার সম্পূর্ণ করা যায়নি। ৫৫৫ কিমি-তে চাইলেই সরকার জমি দিতে পারত। কিন্তু রাজনৈতিক কারণে তুষ্টিকরণের জন্য দেওয়া হয়নি।'
সঙ্গেই বলেন, 'কয়েক দশক ধরে সীমান্তে বিএসএফ-এর সঙ্গে কোনও বৈঠক হয়নি। নিয়মিত তা হওয়ার কথা। নতুন সরকার আসার পর ইতিমধ্যে একাধিক বৈঠক করা হয়ে গিয়েছে। এখন থেকে নিয়মিত এই বৈঠক হবে।'
নবান্ন সভাঘর থেকে একের পর এক বড় ঘোষণা। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন ঘোষণা করলেন বিএসএফ-কে জমি হস্তান্তরের বিষয়টি, একইসঙ্গে বিরাট ঘোষণা সিএএ নিয়ে। জানিয়ে দিলেন, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, রাজ্যে চালু হচ্ছে এবার থ্রি ডি ব্যবস্থা।