CAA'র অন্তর্ভুক্ত নন যাঁরা, তাঁরা অবৈধ...: শুভেন্দু
আজকাল | ২১ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: নবান্ন সভাঘর থেকে একের পর এক বড় ঘোষণা। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন ঘোষণা করলেন বিএসএফ-কে জমি হস্তান্তরের বিষয়টি, একইসঙ্গে বিরাট ঘোষণা সিএএ নিয়ে। জানিয়ে দিলেন, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, রাজ্যে চালু হচ্ছে এবার থ্রি ডি ব্যবস্থা।
অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত 'সংখ্যালঘু'দের নাগরিকত্ব দিতেই সিএএ চালু করেছে কেন্দ্র। সেই সূত্রেই বাংলার মুখ্যমন্ত্রী বার্তা দেন, এই তিন দেশ থেকে আগত নাগরিকদের সিএএ-তে আবেদন করা বাধ্যতামূলক। অন্যথায় তাঁরা পড়বেন কড়া আইনি ঝামেলায়।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার জন্য একটি চিঠি এক বছরের বেশি আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ রাজ্যকে পাঠানো হয়েছিল। পশ্চিমবঙ্গের আগের সরকার একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ আইন আগের সরকার কাজে লাগায়নি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম।'
একইসঙ্গে তিনি বলেন, 'এর ফলে সিএএ'র অন্তর্ভুক্ত যাঁরা, অর্থাৎ সিএএ-তে বলা আছে, সাতটি কমিউনিটির মানুষ এর আওতায় আসবেন এবং ২০২৪-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত এসেছেন, তাঁদের কোনও পুলিশ কোথাও হেনস্থা-আটক করতে পারবে না। সিএএ'র আওতায় যাঁরা নেই, তাঁরা সম্পূর্ণ অবৈধ অনুপ্রবেশকারী। তাঁদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে, আটক করবে, বিএসএফ-এর হাতে হস্তান্তর করবে। বিএসএফ, বিডিআর-এর সঙ্গে কথা বলে তাঁদের ডিপোর্ট করার ব্যবস্থা করবে। অর্থাত ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট এই আইন আজ থেকে কার্যকর হল।'
মুখ্যমন্ত্রী সাফ জানান, 'পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আজ থেকে কার্যকর করলাম।'